ভোট পরবর্তী হিংসার ঘটনায় নিহত অভিজিতের ‘খুনে’ অভিযুক্তদের খোঁজ পেতে নয়া পন্থা সিবিআই-এর, অভিযুক্তদের খোঁজ দিতে পারলে মোটা টাকার পুরস্কার

ভোট পরবর্তী হিংসার ঘটনার নানান অভিযোগের তদন্ত বেশ ভালোভাবেই এগিয়েছে। কিন্তু কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর তদন্ত যেন কোথাও গিয়ে থমকে গিয়েছে। অভিযুক্তদের এখনও ধরতে পারে নি সিবিআই। একাধিকবার অভিযুক্তদের বাড়িতে হানা দেওয়া হয়েছে।

কিন্তু তাদের কারোর বাড়িতে ঝুলছে তালা, তো কারোর পরিবারের থেকে মিলেছে নেতিবাচক উত্তর। এবার তাই অভিযুক্তদের পাকড়াও করতে নয়া পন্থা অবলম্বন করলেন সিবিআই আধিকারিকরা। অভিজিৎ সরকারের খুনের মামলায় অভিযুক্তদের ধরে দিতে পারলে নগদ টাকার পুরস্কার ঘোষণা করা হল সিবিআইয়ের তরফে।

জানা গিয়েছে, নগদ ৫০ হাজার টাকার পুরস্কারের ঘোষণা করা হয়েছে। শিয়ালদহ আদালতের নির্দেশের পর অভিযুক্তদের নাম ও ছবিসহ এই পুরস্কারের বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। সংবাদপত্রে বিজ্ঞাপন ও লিফলেটও বিলি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এও নিশ্চিত করেছে যে অভিযুক্তদের সম্পর্কে যিনি খবর দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে।

প্রসঙ্গত, গত অক্টোবরের শুরুতেই চার অভিযুক্তের বাড়িতে হানা দেয় সিবিআই। সেদিন আচমকাই সাতসকালে চার অভিযুক্তের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ওই চার জনের নাম রয়েছে চার্জশিটে। চার জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

কিন্তু সেদিনও তিন অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁরা কোথায় গিয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদের। কিন্তু কোনও ইতিবাচক তথ্যও হাতে পাননি তদন্তকারীরা। এরপরও চলে বিভিন্ন জায়গায় তল্লাশি। কিন্তু একেবারে ‘গায়েব’ অভিযুক্তরা। এবার অভিযুক্তদের ওপর চাপ বাড়াতে নতুন রণকৌশল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

ভোট গণনার পরদিনই মৃত্যু হয় অভিজিতের। তাঁর গলায় তাঁর পেঁচানো অবস্থায় উদ্ধার হয় তাঁর মৃতদেহ। প্রথম থেকেই তাঁর পরিবারের তরফে দাবী করা হয় যে অভিজিৎকে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। তদন্তের কারণে তাঁর দেহ সৎকার করা হয়নি। মৃত্যুর ১৩৬ দিন পর অভিজিতের দেহ লাশকাটা ঘর থেকে ছাড়া হয়। এরপর হয় সৎকার।

তাঁর মৃত্যুর প্রথম থেকেই অভিজিতের দাদা বিশ্বজিৎ ভাইয়ের জন্য লড়াই করে গিয়েছেন। এই ঘটনায় ২০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে। ইতিমধ্যেই আবার নিজেও খুনের হুমকি পেয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু ভাইয়ের অভিযুক্তদের শাস্তি না দেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

RELATED Articles