প্রাথমিকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, সহকারী প্রধান শিক্ষককে গ্রেফতার করল কলকাতা পুলিশ

রাজ্যে এখন নিয়োগ দুর্নীতি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত। টাকা নিয়ে চাকরিতে নিয়োগ বা চাকরির লোভ দেখিয়ে টাকা হাতিয়ে প্রতারণা করা, এমন ঘটনা আগেও ঘটেছে রাজ্যে। এই অভিযোগে অভিযুক্ত শাসক দলের একাধিক নেতা থেকে শুরু করে স্কুলের শিক্ষকরাও। এবার এমনই এক অভিযোগ উঠল এক সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

প্রাথমিকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রতারণার দায়ে সহকারী প্রধান শিক্ষককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই শিক্ষকের নাম বিমল কুমার দোলুই। মেদিনীপুর টাউনের চন্দ্র হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রাথমিকে সহকারী শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে তিন লক্ষ টাকা হাতিয়েছেন দিব্যেন্দু শেঠ নামে এক ব্যক্তির থেকে। কিন্তু চাকরি হয়নি। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষককে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা।

জানা গিয়েছে, অভিযোগকারী দিব্যেন্দু শেঠও পশ্চিম মেদিনীপুরে বাসিন্দা। নানকর মাগুরিয়া গ্রাম পঞ্চায়েতের গামা চত্বরে বাড়ি তাঁর। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে তিনি।

দিব্যেন্দুর অভিযোগ, বিমল দলুই নামে ওই সহকারী প্রধান শিক্ষক তাঁকে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছেন। ওই শিক্ষক বেশ কিছু ভুয়ো নথিও দিব্যেন্দুকে দেয় বলে দাবী। কিন্তু কোনও চাকরি হয়নি। আর দেওয়া ওই টাকা ফেরতও দিচ্ছিলেন না সহকারী প্রধান শিক্ষক। এই ঘটনাটি নিয়ে কলকাতায় শেক্সপিয়র থানা এলাকায় একটি অভিযোগ দায়ের করেন দিব্যেন্দু শেঠ।

তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা। গতকাল, বুধবার এক অভিযানে নেমে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে পেশ করা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃত ওই শিক্ষককে জেরা করে তদন্ত করতে চাইছে কলকাতা পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত কী না, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

RELATED Articles