কলকাতা থেকে গঙ্গাসাগরের যাত্রাপথ সহজ করতে এবার চালু হতে চলেছে বিলাসবহুল জাহাজ। যার মাধ্যমে কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘন্টা। পরিবহণ দফতর সূত্রে খবর চলতি সপ্তাহের শুক্রবার এই পরিষেবা চালু হয়ে যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য গঙ্গাসাগর এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যে এখানে সহজে পৌঁছানো সম্ভব হয় না। অত্যন্ত ঘুরপথের সম্মুখীন হতে হয় গঙ্গাসাগর যাত্রীদের। তাই যাত্রীদের কষ্ট লাঘব করতেই চালু করা হচ্ছে বিলাসবহুল এই জাহাজ। এই জাহাজের অন্যতম বিশেষত্ব হল এই জাহাজ নদী ও সমুদ্রে স্বচ্ছন্দে চলতে পারে।
সূত্রের খবর কলকাতার বাঙালি মেরিন ইঞ্জিনিয়ার অঞ্জন সিনহা, মুম্বাইয়ের এক সংস্থার সাথে যুক্ত হয়ে এই পরিষেবা চালু করছে। প্রতিদিন সকাল ৭টায় মিলেনিয়াম পার্ক জেটি থেকে ছাড়বে এই জাহাজ এবং সাগরের কচুবেড়িয়া ঘাটে পৌছবে সকাল সাড়ে ১০টা নাগাদ। আর যারা সুন্দরবন যেতে চান তাদের পৌছে দেওয়া হবে নামখানা জেটিতে।আবার রাত ৮ টার মধ্যে কলকাতায় ফিরবে জাহাজ। কচুবেড়িয়া থেকে জাহাজ ছাড়বে বিকেল ৩:৩০ টে নাগাদ। যাত্রীদের মাথাপিছু এই ট্রিপে খরচ পড়বে মাত্র ১০০০ টাকা। ইতিমধ্যেই জাহাজটিকে নিয়ে আসা হয়েছে মালয়েশিয়া থেকে। বিলাসবহুল এই জাহাজে রয়েছে বসার জন্য ১৫৬ টি আসন। যাত্রীদের বসার জায়গা পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। থাকবে ৪ টি শৌচাগার। থাকছে টিভি। এছাড়া থাকছে দুটি জায়ান্ট স্ক্রিন। যাতে ক্রিকেট বা ফুটবল বা টেনিস ম্যাচ বা সিনেমা দেখানো হবে।
যাত্রীদের জন্য স্ন্যাকস ও মিনারেল ওয়াটারের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য জাহাজের গড় গতিবেগ হবে ঘন্টায় ৪০ কিলোমিটার। নদীর নাব্যতার কথা বিচার করে মাত্র ১.৫ মিটার অংশ থাকবে জলের তলায়। অঞ্জন সিনহা জানাচ্ছেন, “বিলাসবহুল এই জাহাজে করে দেশি-বিদেশি বহু ট্যুরিস্ট আসবে। তাতে রাজ্যের পর্যটনের বিকাশ ঘটবে। ইতিমধ্যেই অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন।”





