আর তারপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে হিংসা। তৃণমূল নেতা-কর্মীদের ভয় পেয়ে ঘর ছাড়া শতাধিক বিজেপি কর্মী। এর মধ্যেই খুন হয়ে গেছেন ১২ জন। বিজেপি-সিপিএম নির্বিশেষে চলছে তৃণমূলী অত্যাচার।
আর এই অবস্থাতেই এবার অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলগত পার্থক্য, রাজনৈতিক মতাদর্শ দূরে সরিয়ে বিরোধীদলের কর্মীকে মিষ্টিমুখ করিয়ে ঘরে ফেরালেন তিনি। সেই সঙ্গে ফিরিয়ে দিলেন দোকানও।
আরও পড়ুন- ভোট ফলাফল পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মী-সমর্থক, প্রতিবাদে ধর্নায় গেরুয়া শিবির, ফের রাজ্যে নাড্ডা
প্রসঙ্গত, বিপুল ভোটে তৃণমূলের জয়লাভের পরই রবিবার রাতে উত্তেজনা ছড়ায় মানিকতলা এলাকায়। তৃণমূল কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হন বেশ কিছু বিজেপি কর্মী। ভয়ে ঘর ছাড়েন অনেকে। তাঁদের মধ্যেই একজন ছিলেন বিশ্বনাথ সিং। জানা গিয়েছে, ওই যুবক ঘরে ফেরার আর্জি জানিয়ে যোগাযোগ করেছিলেন এক সমাজসেবীর সঙ্গে।
সেই ব্যক্তিই যোগাযোগ করে সবিস্তার জানান কুণাল ঘোষকে। খবর পাওয়ামাত্রই তিনি যোগাযোগ করেন সাধন পান্ডের সঙ্গে।
তারপরই মঙ্গলবার দুপুরে মানিকতলায় পৌঁছন তৃণমূলের মুখপাত্র। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জয় দাস।
তবে ওই বিজেপি কর্মীকে ফের তার ঘরে ফেরানো হবে শুনে রীতিমতো বিক্ষোভ শুরু হয় এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে নাকি ভোটের আগে এলাকার মহিলাদের নানাভাবে নিজের দলবল নিয়ে হেনস্থা করেছে। আর তাই ভোটের ফল বেরোতেই গণ হেনস্থার মুখে পড়তে হয় তাকে।





