‘কত আর ডিফেন্ড করা যায় দলকে, একটার পর একটা ভুল, কেউ তো শিক্ষাই নিচ্ছেন না’, তৃণমূলকে নিয়ে হতাশার সুর কুণালের কণ্ঠে

পরপর নানান মামলায় আদালতে ধাক্কা খাচ্ছে তৃণমূল। একের পর এক দুর্নীতির কথা সামনে আসছে। আর তাতে নাম জড়াচ্ছে নানান তৃণমূল নেতাদেরই। এর জেরে ক্রমেই চাপ বাড়ছে দলের উপর। এমন পরিস্থিতিতে দলকে বারবার ডিফেন্ড করলেও এবার কী তবে ক্লান্ত হয়ে পড়েছেন দলের মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? কুণাল ঘোষের সাম্প্রতিক এক মন্তব্যে যেন তাঁর গলায় এক হতাশার সুরই ভেসে এল।

কী বলেছেন কুণাল?

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল। বলেন, “মুখপাত্রদের কাজও ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। কাঁহাতক আপনি দলকে ডিফেন্ড করবেন! একটা ভুল, দু’টো ভুল, তিনটে ভুল থেকে যে কেউ কোনও শিক্ষা নিচ্ছে, সেও তো কিছু দেখতে পাচ্ছি না”।

দিনের পর দিন নানান মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। নানান শুনানিতে বিচারপতিদের তোপের মুখেও পড়তে হয়েছে রাজ্যকে। এই নিয়ে বিরোধীরা আক্রমণ শানালে সেই আক্রমণের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছেন কুণাল। সম্প্রতি আবার ফের একটি মামলায় রাজ্যের পরাজয় হয়েছে আদালতে। ধর্মতলায় বিজেপির সভার বিরোধিতা করতে গিয়ে ফের আদালতের কাছে হার হয়েছে রাজ্যের।

এই নিয়ে বিরোধীদের মুখে উপর জবাব দিলেও যেন এবার ক্লান্ত হয়ে পড়েছেন কুণাল ঘোষ। নানান বিষয় নিয়ে উত্তর দিতে দিতে, দলকে আক্রমণের থেকে বাঁচাতে কী তবে এবার পেরে উঠছেন না দলের মুখপাত্র? এই ঘটনায় দলের শীর্ষ নেতৃত্বের একাংশকেই দায়ী করেছেন কুণাল।

কুণালের কথায়, “আমরা সামান্য় সৈনিক, আমাদের কাজ দলের নেতৃত্ব ঠিক করুন বা ভুল করুন, সেগুলোকে বাজারে ঠিক বলে মার্কেটিং করা। এটা সব দলের মুখপাত্রদের কাজ। কিন্তু একই ভুল যদি ১৪ বার হতে থাকে, সেটা তো দলের পক্ষে সুস্থতা নয়। তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে আছে, কোনও বিরোধী দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারাবার। কিন্তু, তৃণমূল, অতিরিক্ত আত্মবিশ্বাস একদিকে, আর অন্য়দিকে হচ্ছে, এই ধরনের কিছু ভুল স্ট্র্য়াটেজি সিদ্ধান্তে নন ইস্য়ুকে ইস্য়ু করতে দিচ্ছে”।

RELATED Articles