লোকসভা নির্বাচনে কত আসন পাবে তৃণমূল-বিজেপি, ভবিষ্যৎবাণী করলেন কুনাল ঘোষ

জনতার দরবারে প্রার্থী তালিকা প্রকাশ করে নিজেদের আত্মবিশ্বাস আরো মজবুত করেছে সাধারণ মানুষের কাছে এমনটাই মনে করছে তৃণমূল।‌ ব্রিগেড সমাবেশের দেখে তৃণমূল কংগ্রেসের শক্তিই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল। সেই শক্তি নিয়েই এবার লোকসভা নির্বাচনের আগে প্রচার করতে ব্যস্ত হয়ে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তৃণমূল সুপ্রিমো বারবার বিরোধীদের নিশানা করেন যে মানুষের কাছে ছোট করার উদ্দেশ্যেই বারবার ইডি সিবিআইকে পাঠানো হয় নেতা মন্ত্রীদের ঘরে। তৃণমূল যেখানে তার সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তার বিরোধী দল বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে বাকি রেখেছে এখনও। 

জানা যাচ্ছে আজ সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বিজেপির তরফে। এই আবহে বাকি বিরোধী দল যেমন সিপিএম কংগ্রেস তারাও তাদের সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেননি এখনও। এরই মাঝে তৃণমূল নেতা কুনাল ঘোষ লোকসভা ভোটে আসন নিয়ে ভবিষ্যৎবাণী করে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন‌। 

রবিবারের দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে লোকসভা আসন নিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। আজকের পরিস্থিতির নিরিখে লোকসভা ভোটে কার কত সংখ্যক ভোট হতে পারে তা জানিয়েছেন। তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবার বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০ থেকে ৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮ থেকে ৬২ শতাংশ ভোট তৃণমূলের। বিজেপির ভোট শতাংশ কমবেশি ৩০ থেকে ৩২ শতাংশ। আসন পাঁচ থেকে ১১–র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন ০। ২৪/০৩/২৪ –এর পরিস্থিতি অনুযায়ী।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে আসন সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন। অভিষেক বলেছেন, “এই বিষয়টি মানুষের উপর ছেড়ে দেওয়া হোক। আমি কোনও জ্যোতিষী নই যে ২০০ আসনের কথা বলে ৭৭ আসনে আটকে যাব। তাই মানুষের উপর ছেড়ে দেওয়া যাক। তবে আমার দাবি, ২০১৯ সালের নিরিখে এবার নির্বাচনে আসন এবং ভোটের হার বাড়বে তৃণমূল কংগ্রেসের।” অভিষেকের এই মন্তব্যের পর কুনাল ঘোষের লোকসভা নির্বাচনের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ। 

বিজেপির তরফে ১৯ জনের প্রার্থীর নাম জানানো হয়েছে। বাকি রয়েছে এখনও ২৩ জনের নাম। বিজেপির সম্পূর্ণ তালিকা প্রকাশ করলে, ভোটযুদ্ধ সরগরম হয়ে উঠবে‌। বিধানসভা নির্বাচনে বিজেপির ফল আশানুরূপ হয়নি। এবার দেখার লোকসভা নির্বাচনে কুণাল ঘোষের ভবিষ্যদ্বানী মিলছে কিনা।

RELATED Articles