‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো আরও বিচারপতি তালিকায় রয়েছেন বিজেপিতে নাম লেখানোর জন্য’, সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশ দিতেই বিচারব্যবস্থাকে কটাক্ষ কুণালের

সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতেই তদন্ত চলবে বলে জানানো হয়েছে। তবে এই নির্দেশ নিয়ে মোটেই খুশি নয় শাসক দল তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) তো আদালতের এই রায়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখছেন।

বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন। বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বারবার রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। আর তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর এবার তৃণমূলের দাবী, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবার ফের একবার বিচারব্যবস্থাকে তোপ দাগলেন তৃণমূল নেতা (Kunal Ghosh)

কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায়, আদালত যখনই সরকার বিরোধী কোনও রায় দেয়, তখনই যেন মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর ছায়া রেখে গিয়েছেন। তৃণমূল নেতার কথায়, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আদালতের মধ্যে সরকার বিরোধী, তৃণমূল বিরোধী, বিজেপি পন্থী মনোভাব কাজ করছে। একজন পদ ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। আরও কয়েকজন অভিজিৎ এরপর তালিকায় আছেন কী না তা নিয়ে সন্দেহ”।

কুণালের (Kunal Ghosh) কথায়, বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে তাঁর। কিন্তু তা সত্ত্বেও বারবার তাঁর নিশানার মুখে কিন্তু সেই বিচারপতিরাই। তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে কী তিনি এবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকেই নিশানা করলেন, উঠছে প্রশ্ন। কারণ তাঁর ডিভিশন বেঞ্চের তরফেই সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কুণাল (Kunal Ghosh) এও বলেন, বিচারপতিদের মধ্যে তৃণমূল বিরোধী মনোভাব রয়েছে। আবার তারা যে বিজেপির প্রতি সহানুভূতিশীল, এও নানান শুনানিতে বারবার স্পষ্ট হয়েছে। তৃণমূল নেতার কথায়, এই ভোটের মুখে হয়ত এমন রায় দিয়ে কেউ সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছে আর সেটাই বিজেপিকে বাড়তি অক্সিজেন জোগাবে। এই ‘কেউ’ বলতে তিনি কাকে নিশানা করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়।

উল্লেখ্য, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে ইডির উপর হামলার ঘটনায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর এবার সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি জবরদখলের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল, বুধবার এই নির্দেশ দেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে তদন্ত প্রক্রিয়াও।   

আরও অন্যান্য খবর