২০২৪-এ ১৫ই আগস্ট লালকেল্লায় হাওয়াই চপ্পল পরা তাঁতের শাড়ি পরিহিতা ‘বাংলার মেয়ে’ জাতির উদ্দেশে ভাষণ দেবেন, উবাচ কুণাল ঘোষের

২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) যে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে হটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করছে তৃণমূল (TMC), তা কারোরই অজানা নয়। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে ঘাসফুল শিবির। আর এরই মধ্যে এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

গতকাল, শুক্রবার কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে একটি জনসভায় ২১শে জুলাইয়ের সমাবেশের প্রচার করেন কুণাল ঘোষ। সেই সভাতেই তিনি বলেন, “হ্যাঁ, আমরা বলছি ২০২৪ সালে বিকল্প সরকার গড়ব। অনেক প্রধানমন্ত্রী তো দেখলেন। ভালো ভালো পাঞ্জাবি। ভালো ভালো জহরকোট। দামি দামি স্যুট পরা বিগ বস প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে ভাষণ দেয় দেখেছেন। কিন্তু এবারে ২১শে জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ই আগস্ট হাওয়াই চপ্পল পরা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে লালকেল্লার উপর থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ও মানুষের সরকার তৈরি হবে”।

এদিন কুণাল বলেন যে দেশকে বিজেপির ‘অপশাসন’ থেকে মুক্ত করতে রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলায় বিজেপির ভোট ভাগ হওয়ার ইঙ্গিত দিয়ে বলেন, “আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। কে জিতবেন কে হারবেন সেটা তো ভোটের ব্যাপার। কিন্তু বিজেপির অঙ্ক মিলবে না। বিজেপিতে বিবেক ভোট হবে। রাজ্য বিজেপিতে যাঁরা অপমানিত, নির্যাতিত যাঁরা দলবদলুদের কাছে আত্মসমর্পণ করতে চান না তাঁরা তো বিবেক ভোট দেবেন”।

কুণালের সংযোজন, “এই প্রথম দেশের লড়াই হচ্ছে দু’টি শক্তির। একদিকে এনডিএর প্রার্থী। অন্যদিকে দেশের ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির প্রার্থী। গোটা ভারত দেখবে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যিনি লড়ছেন তিনি তৃণমূলের নেতা। সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহা। আর যে লড়াই রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে শুরু হচ্ছে সেই লড়াই আগামী ২৩-এ পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালে দিল্লি থেকে নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিকল্প সরকার গঠন করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে”।

এখানেই শেষ নয়। এদিনের এই সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেই তাঁকে মীরজাফর, তোলাবাজ, বেইমান, চোর, বিশ্বাসঘাতক, গদ্দার বলে তোপ দাগেন কুণাল। এই সভায় এদিন কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক দিনেন রায়, সবংয়ের বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের সহসভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ও আরও অনেকে।

RELATED Articles