রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নানান মন্তব্য করতে থাকেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সেই মন্তব্য যেন আগুনের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন বিতর্কের মাঝেই এবার সৌজন্যতা দেখালেন কুণাল। লাল গোলাপ উপহার হিসেবে পাঠালেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
কী কী পাঠালেন কুণাল?
গত বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত নিজের পাম অ্যাভিনিউর বাড়িতেই রয়েছেন তিনি। জানা গিয়েছে, দূত মারফৎ সেখানেই বুদ্ধবাবুর জন্য মোহন সিংয়ের রবীন্দ্র সংগীতের ক্যাসেট, নিজের লেখা দু’টি বই ও একটি লাল গোলাপের তোড়া পাঠিয়েছেন কুণাল। কুণাল বার্তাবাহককে নির্দেশ দেন তিনি যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাকর্মীর মাধ্যমে এই উপহার বুদ্ধদেববাবুর স্ত্রী মীরাদেবীর হাতে পৌঁছে দেন।
কুণাল উপহার পাঠিয়েছেন তা শুনে, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী তা নেওয়ার আগে মীরাদেবীকে জানান। জানা গিয়েছে, মীরাদেবী তা শুনে বার্তাবাহককে উপরে ডেকে পাঠান। তাঁকে চায়ের আমন্ত্রণ জানান।
মীরাদেবী নাকি বার্তাবাহককে জিজ্ঞাসা করেন তিনি বুদ্ধবাবুর সঙ্গে দেখা করবেন কী না। তবে বার্তাবাহক জানান যে তিনি বাইরের জামাকাপড় পরে রয়েছেন, তাই দেখা করা উচিত হবে না। মীরাদেবী বার্তাবাহককে জানান, তিনি যেন বুদ্ধবাবু ও তাঁর হয়ে কুণালকে ধন্যবাদ জানিয়ে দেন।
বলে রাখি, বুদ্ধবাবু সিওপিডির রোগী। বুকে সংক্রমণ হয়েছিল তাঁর। ঘুমেরও সমস্যা ছিল। বাড়িতে থাকার সময় যাতে সংক্রমণ এড়ানো যায় তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সেসমস্ত কথা মাথায় রেখে আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাকাপাকিভাবে ধূমপান ছাড়ার অনুরোধ করেছিলেন তৃণমূলের মুখপাত্র। তাঁর সেই মন্তব্য নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার