ফের আরও এক নতুন চমক দিল TATA। নতুন এক ই-সাইকেল লঞ্চ করল এই সংস্থা। নাম TATA Stryder Zeeta Max। এই ই-সাইকেল একবার চার্জেই ছুটবে ৩৫ কিলোমিটার। এর আগে আরও এক ই-সাইকেল লঞ্চ করেছিল সংস্থা। নাম ছিল Stryder Zeeta Plus। সেই ই-সাইকেলে ১ কিলোমিটার যেতে খরচ ছিল ১০ পয়সা। তবে এই নতুন ই-সাইকেলে যাতায়াতের খরচ আরও কম। এই নতুন ই-সাইকেলে ১ কিলোমিটার পথ যেতে খরচ হবে মাত্র ৭ পয়সা, এমনটাই দাবী সংস্থার।
কী কী ফিচার্স রয়েছে Stryder Zeeta Max-এ
TATA Stryder Zeeta Max ইলেকট্রিক সাইকেল তৈরি করা হয়েছে টেকসই স্টিল ফ্রেম দিয়ে। এতে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৩৬ V, ৭.৫ Ah যা সর্বোচ্চ ২৭০ wh পর্যন্ত শক্তি উৎপাদন করতে সক্ষম। এই ব্যাটারি নন-রিমুভেবেল। সংস্থার দাবী, যে কোনও রাস্তাতেই দৌড়তে পারে এই সাইকেল।
উঁচু-নিচু রাস্তায় মসৃণ রাইডিংয়ের জন্যে এতে রয়েছে সাসপেনশন। এই সাইকেল সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। এই সাইকেলে মিলবে ইউজার ফ্রেন্ডলি এলসিডি ডিসপ্লে যা ব্যাটারি লেভেল, ওডোমিটার এবং প্যাডেল অ্যাসিস্ট-এর ৫টি লেভেল দেখাতে সাহায্য করবে।
জানা গিয়েছে, সাইকেলে মজুত ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় ৩ থেকে ৪ ঘণ্টা। এতে রয়েছে অটো-কাট ব্রেক, ডিস্ক ব্রেক এবং সেফটি ফিচার্স। এতে ৫টি রাইডিং মোড পাবেন আপনি। যেখানে এর আগের মডেল অর্থাৎ Zeeta Plus-এ রয়েছে কেবল ৩টি রাইডিং মোড।
কত দাম এই ই-সাইকেলের?
এই ইলেকট্রিক সাইকেলের দাম রাখা হয়েছে ৩৫,৯৯৫ টাকা। তবে সাইকেলের উপর বিশেষ অফার চলাকালীন এটি পাওয়া যাবে ২৯,৯৯৫ টাকাতে। এই সাইকেল দুটি রঙে কিনতে পারবেন – ম্যাট গ্রে ও ম্যাট ব্লু।





