‘গণইস্তফা সব নাটক, টিকিট কাটা হয়ে গিয়েছে, পুজোর ছুটিতে বাইরে যাচ্ছে…’,গণইস্তফা নিয়ে সিনিয়র চিকিৎসকদের খোঁচা কুণালের

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। উৎসবের মধ্যেও থেমে নেই আন্দোলন। আমরণ অনশন করছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মধ্যে তাদের সমর্থন করে গতকাল, মঙ্গলবারই গণইস্তফা দিয়েছেন আর জি করের প্রায় ৫০ জন সিনিয়র চিকিৎসক। এবার সেই ঘটনাকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  

আর জি করের ঘটনার প্রতিবাদে নিজেদের ১০ দফা দাবী নিয়ে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। গত শনিবার থেকে আমরণ অনশন করছেন তারা। তাদের সংহতি জানিয়ে আর জি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। এই নিয়ে সিনিয়র চিকিৎসকদের খোঁচা দিলেন কুণাল ঘোষ।

এই ঘটনায় কুণাল ঘোষ বলেন, “এক দিকে পুজো। তারপর আবার বন্যা পরিস্থিতি। এই সময় বিনা নোটিসে সিনিয়র বলে পরিচিত ডাক্তাররা বলছেন কাজ করব না? এটাই তো দাঁড়াচ্ছে যে পুজোর ছুটি নেওয়ার দরকার ছিল। টিকিট কাটা হয়ে গিয়েছে। একটা নাটক কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা। পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে”।

তাঁর সংযোজন, “যারা বাইরে যাচ্ছে জিজ্ঞাসা করতে হবে। নিজের পয়সায় যাচ্ছেন এক রকম। কিন্তু ওষুধ কোম্পানির পয়সায় অর্থাৎ স্পনসারশিপ পেলে তাঁদের জিজ্ঞাসা করা উচিত। তাঁরা কাজ করবেন না বলে নাটক করছে”।

কুণাল এও বলেন, “সরকার সহনশীল ছিল। জ্যোতি বসুর সরকারের মতো পিটিয়ে তুলে দেননি। সৌজন্যকে দুর্বলতা ভেবে ভুল করে যে কাণ্ডটা করা হচ্ছে সেটা লাগাম ছাড়া। সরকারের কাছে অনরোধ থাকবে যাঁরা কাজ করতে চাইছেন না তাঁদের বলা হোক কাজ না করলে চাকরি ছেড়ে দিক। ওই গণ ইস্তফা বলে কিছু হয় না। নিয়ম মতো ইস্তফা দিন। একা একা ইস্তফা দিন। কাজ বন্ধ করার হলে টাকা নেবেন না। গণ ইস্তফার নাটক করলে চাকরি ছেড়ে দিন”।

আরও পড়ুনঃ সকালে রক্তদান শিবির, এরপর মণ্ডপে মণ্ডপে লিফলেট বিলি, ষষ্ঠীর দিন ‘তিলোত্তমা’র স্মৃতিতে একগুচ্ছ কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের

এদিকে আবার আজ, আজ, বুধবার ষষ্ঠীর সকালে তরুণী চিকিৎসকের স্মরণে নানান কর্মসুচির আয়োজন করেছেন জুনিয়র চিকিৎসকরা। এদিন সকালে হবে রক্তদান শিবির। এরপর দুর্গাপুজোর নানান মণ্ডপে মণ্ডপে লিফলেট বিলি করবেন জুনিয়র চিকিৎসকরা। তাতে লেখা থাকবে তাদের ১০ দফা দাবী। চিকিৎসকদের সঙ্গে থাকে আর জি কর ও জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি। উত্তর থেকে দক্ষিণ কলকাতার নানান মণ্ডপে ঘুরবেন তারা। 

RELATED Articles