প্রথমের দিকে পূর্বাভাস থাকলেও পরের দিকে অবশ্য আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে পুজোর ক’টাদিন বঙ্গের মাটি শুকনোই থাকবে। কিন্তু তেমনটা হল না। পুজোর কয়েকদিন বৃষ্টি হবে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আর এর জেরে মন খারাপ বঙ্গবাসীর।
কিন্তু পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস না থাকা সত্ত্বেও হঠাৎ এই হাওয়া বদল কেন? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। অন্যদিকে, উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানালেন, পুজোর সময় বৃষ্টির কথা শুনে এমন ভাবা উচিত নয় যে পুজো বানচাল হয়ে যাবে। তিনি জানান, পুজোতে বৃষ্টি হলেও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। সেই কারণে বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার রিপোর্ট দেখে নিলেই হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জন্যই আবহাওয়ার এমন পরিস্থিতি। এর জেরে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কখনও রোদ তো কখনও বৃষ্টি, এমন খেলা চলবে। কলকাতা ও নানান জেলাতে এমনই আবহাওয়া থাকবে বলে জানাল হাওয়া অফিস। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, ৯ ও ১০ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমী কলকাতা-সহ নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অষ্টমীর দিন উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, ও নদিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিন বৃষ্টি কমবে বলে জানাল হাওয়া অফিস। তবে পুজোর মধ্যে যে ছাতা সঙ্গে নিয়েই ঘুরতে হবে, তা স্পষ্ট করল হাওয়া অফিস।





