‘অনিকেত-দেবাশিসদের বিরুদ্ধে এফআইআর করা হোক…’ হুঁশিয়ারি কুণালের, ফের তৃণমূল নেতার নিশানায় জুনিয়র চিকিৎসকরা

আজ, সোমবার বিকেল ৫টায় নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ফের একবার তৃণমূল নেতা কুণাল ঘোষের নিশানায় জুনিয়র চিকিৎসকরা। এই বৈঠক ভেস্তে গেলে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের দুই অন্যতম মুখ দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নিদান দিলেন কুণাল।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কুণাল বলেন, “মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক সফল হোক। যদি জেদ করে বৈঠক ভেস্তে কাল স্বাস্থ্য ধর্মঘট হয়, তাহলে যদি বাংলার কোনও রোগীর ক্ষতি হয়, নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার, ডাঃ অনিকেত মাহাতোর নামে FIR করুন। কারণ এরাই মূল প্ররোচক। সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও ডাক্তার। তবে ডাঃ কিঞ্জল নন্দর নাম দেবেন না। কারণ ও ওদের সঙ্গে থাকলেও, সূত্রের খবর, বিশৃঙ্খলায় একমত নয়”।

কুণালের কথায়, “চিকিৎসা পাওয়া আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত করা আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারোর কোনও ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রীর বারবার অভিভাবকের মতো সংবেদনশীলতার পরিচয় দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা করা বলছেন। বাম-অতি বামদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না”।

কুণাল ঘোষের এই পোস্টের প্রেক্ষিতে এবার জবাব দিলেন আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ। তিনি একটি পোস্টে লেখেন, “সিদ্ধান্ত শুধু অনিকেত বা দেবাশিস হালদার নেয়নি,সিদ্ধান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট নিয়েছে। প্রথম দিন থেকেই আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম,কিন্তু উৎসব চলায় সেটা সম্ভব হয়নি। আর বৈঠক ভেস্তে দেওয়ার কথা যদি বলেন, অনশনে বসার আগে দু’বার ইমেল করা হয়েছিল, যার উত্তর দিতেই আপনারা ভুলে যান। তাই সমস্যা সমাধান করার সদিচ্ছের প্রশ্নটা থেকেই যাচ্ছে। যেচে পড়ে কেউ আন্দোলন করতে আসে না। ডাক্তারিতে অনেক কাজ থাকে। যাই হোক,ডাক্তার না হলে সেটা বোঝানো খুব মুশকিল। ব্যক্তি আক্রমণটা স্বভাব হয়ে গিয়েছে”।

আরও পড়ুনঃ ‘সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে ভাইরাল করে দেব…’, চলন্ত ট্রেনে তরুণীকে হেনস্থা-হুমকি, অশ্লীল মন্তব্য, প্রেমিককে বেধড়ক মারধর, মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন শহরে

বলে রাখি, গত শনিবার জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে ফোনের মাধ্যমে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসকদের দাবী সম্পর্কে জানতে চান। স্বরাষ্ট্রসচিবকে পদ থেকে সরানোর দাবী করলে মুখ্যমন্ত্রী জানান, তা সম্ভব নয়। অন্যদিকে, আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ন্যায় বিচার ও হাসপাতালে নিরাপত্তার দাবীতে সহমত পোষণ করেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবারের বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা আন্দোলন নিয়ে কী সিদ্ধান্ত নেন, এখন সেটাই দেখার!

RELATED Articles