‘সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে ভাইরাল করে দেব…’, চলন্ত ট্রেনে তরুণীকে হেনস্থা-হুমকি, অশ্লীল মন্তব্য, প্রেমিককে বেধড়ক মারধর, মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন শহরে

শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হোক বা শহরতলির কোনও জায়গাম দ্রুত পৌঁছতে লোকাল ট্রেনের উপরেই ভরসা করেন মানুষ। ট্রেনে চড়েই কর্মক্ষেত্রে যান প্রতিদিন হাজার হাজার মানুষ। এবার সেই ট্রেনেই তরুণীকে হেনস্থার অভিযোগ উঠল। চলন্ত ট্রেনেই হুমকি, হেনস্থা করা হল তরুণীকে। তাঁর প্রেমিককে প্ল্যাটফর্মে ফেলে মারধর করা হয়েছে বলেও অভিযোগ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল, রবিবার রাত ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে। অভিযোগ, চলন্ত ট্রেনে তরুণীর ছবি তোলার চেষ্টা করা হয়। এমনকি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। তরুণীর শারীরিক গঠন নিয়ে অশ্লীল ইঙ্গিত করে অভিযুক্তরা, এমনটাই অভিযোগ।

তরুণী জানান, তিনি ঢাকুরিয়া থেকে শিয়ালদহগামী ট্রেনে চাপেন। সঙ্গে তাঁর প্রেমিক ছিলেন। তিন যুবক পার্ক সার্কাস থেকে ওই ট্রেনে থেকে ওঠে। তারা তরুণীর ছবি মোবাইলে তোলার চেষ্টা করে বলে অভিযোগ। তরুণী বলেন, “আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা ছবি তোলার চেষ্টা করে, বলে সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব। আমি কে জানিস না”।

এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকতেই ওই তিনজনের মধ্যে একজনকে চড় মারেন ওই তরুণী। সেই সময় অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ। এরপর তিনজন মিলে তরুণীর প্রেমিকের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় বলে দাবী তরুণীর। সেখানে কোনও পুলিশ ছিল না বলে জানান তিনি।

রাতেই ওই অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই তরুণী। তিনজনকে প্রথমে আটক করা হয়। এরপর তাদের গ্রেফতার করে জিআরপি। তরুণীর অভিযোগ, পুলিশের সামনে জিআরপি আউটপোস্টে বসেও তরুণী ও তার প্রেমিককে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা, এমনটাই অভিযোগ।  

আরও পড়ুনঃ ‘ডাক্তারদের আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত’, শুনেছিলেন ‘গো ব্যাক’ স্লোগান, এবার তৃণমূলে সুরেই জুনিয়র চিকিৎসকদের ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা অভিজিতের

তরুণী জানান, “লিখিত অভিযোগ দায়ের করার সময়ও ওই তিনজন পুলিশের সামনে বলতে থাকে, কার গায়ে হাত দিয়েছিস জানিস না। দেখে নেব। জানিস না আমি কে”। এমন ঘটনায় ফের একবার শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রেনেও বা মহিলারা আদতে কতটা সুরক্ষিত, তা নিয়েও প্রশ্ন উঠছে বৈ কী!

আরও অন্যান্য খবর