কোনও নথি নেই, নেই কোনও চুক্তিপত্র। শুধুমাত্র পরিচিত হওয়ার কারণেই গত কয়েক বছর ধরে রাশি রাশি টাকা বিলিয়েছেন হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। সেই টাকা যেমন গিয়েছে অভিনেতা বনি সেনগুপ্ত, ব্যবসায় সোমা চক্রবর্তীর কাছে, তেমনই আবার গিয়েছে প্রাক্তন নেতা পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও। কোনও রকম চুক্তিপত্র ছাড়াই কীভাবে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বা পরিচিতদের টাকা দিতেন কুন্তল, তা খতিয়ে দেখছে ইডি।
ইডি আধিকারিকদের দাবী, একেকজনকে প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা দিয়ে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করেছেন কুন্তল ঘোষ। এভাবে মোট কতজনকে নানান কারণে কুন্তল টাকা দিয়েছেন, তা নিয়ে ইডি তদন্ত করছে। তবে ইডির ধারণা, এই টাকার পরিমাণ কয়েক কোটি হতে পারে।
এই টাকা ‘বিলি’র তালিকায় টলিউডের আরও অন্তত যে ৬ জন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাদের ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে। টাকা লেনদেনের ব্যাপারে গতকাল, শুক্রবার নিউ টাউনের ব্যবসায়ী সোমা চক্রবর্তীকে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাইরে বেরিয়ে এসে তিনি জানান, ২০১৮ সালের পর থেকে আর তাঁর সঙ্গে কুন্তলের যোগাযোগ নেই।
সোমা স্বীকার করেছেন যে কুন্তলের মাধ্যমেই বনির সঙ্গে যোগাযোগ হয় তাঁর। নিউ টাউনে পার্লারের জন্য তিনি কুন্তলের থেকে ৫০ লক্ষ টাকা নেন। ওই পার্লারের উদ্বোধন করেছিলেন টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। পারিশ্রমিক নিয়েই ওই পার্লারের উদ্বোধনে গিয়েছিলেন অভিনেত্রী। কুন্তলের ওই ৫০ লক্ষ টাকা সোমার অ্যাকাউন্ট থেকে অন্যান্য অ্যাকাউন্টেও গিয়েছে বলে জানা গিয়েছে। সোমা জানান যে ব্যবসার কাজের জন্যই নানান অ্যাকাউন্টে টাকা পাঠান তিনি।
এদিকে, টলি অভিনেতা বনি সেনগুপ্তের গাড়ি নিয়ে রহস্য দানা বেঁধেছে। ওই গাড়ির নথিপত্র নিয়ে তলব করেছে ইডি। আগামী মঙ্গলবার বনিকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফের।
গত বৃহস্পতিবারই বনি ইডি আধিকারিকদের জানিয়েছিলেন যে ২০১৭ সালে তাঁকে সিনেমার জন্য অফার দেন কুন্তল ঘোষ। আর এর জন্য আগাম টাকা দিতে চান কুন্তল। সরাসরি টাকা না নিয়ে একটি বিলাসবহুল গাড়ির জন্য আগাম পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন বনি। শোরুমেই সরাসরি ওই টাকা মেটান কুন্তল। ওই গাড়িটির মালিক যে কয়েক বছরের জন্য বনি ছিলেন, তা তিনি স্বীকার করেছেন। প্রায় চার বছর পর এজেন্ট মারফত গাড়িটি বিক্রি করে দেন বনি। তিনি যে গাড়িটি বিক্রি করেছিলেন, সেই নথিই তলব করেছেন ইডি আধিকারিকরা।





