আজ, সোমবার বিকেলে সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। এদিন চিকিৎসকদের তরফের আইনজীবী ইন্দিরা জয়সিং আদালতে দাবী করেন, আর জি করের দুর্নীতিতে যারা অভিযুক্ত, সেই প্রভাবশালীরা এখনও হাসপাতালেই রয়েছেন। এর ফলে জুনিয়র চিকিৎসকদের মধ্যে উদ্বেগ রয়েছে কাজে ফেরা নিয়ে।
এদিন আর জি কর মামলার শুনানিতে প্রভাবশালী তত্ত্ব ওঠে। এদিন আইনজীবী ইন্দিরা জয়সিং জানান, “এটা সাধারণ ধর্ষণ ও খুনের ঘটনা নয়। ধর্ষণ ও খুনের দিন ঘটনাস্থলে থাকা মেডিক্যাল কাউন্সিলের ৪ জনও হাসপাতালে রয়েছেন”।
এরপরই আইনজীবী জানান যাতে প্রভাবশালী সাতজনকে সাসপেন্ড করা হয়। ইন্দিরা জয়সিং এও আর্জি জানান, যদি প্রভাবশালীদের সাসপেন্ড নাও করা হয়, তাহলেও যেন তাদের অন্ততপক্ষে ছুটিতে পাঠানো হয়। তিনি এদিন প্রশ্ন তোলেন, “পদক্ষেপ না হলে কীভাবে জুনিয়র চিকিৎসকরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজে ফিরবেন”?
এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, তদন্তের আওতাধীন রয়েছেন এমন ব্যক্তিদের নাম সিবিআই রাজ্যকে দিলে পদক্ষেপ করতে হবে। অন্যদিকে, রাজ্য এদিন আশ্বাস দেয়, অভিযুক্তরা যত প্রভাবশালীই হোন, সিবিআই যদি তালিকা দেয়,তাহলে অবশ্যই পদক্ষেপ করা হবে।
আরও পড়ুনঃ ঘুমন্ত অবস্থায় চোখে চশমা কেন ছিল, চোখে আঘাতই না লাগল কীভাবে নির্যাতিতার, সিবিআই রিপোর্ট নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির
এদিন আদালতে রাজ্যের তরফের আইনজীবী জানান, “কেউ যত প্রভাবশালীই হোন, সিবিআই তাঁদের নামের তালিকা দিলে পদক্ষেপ করা হবে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের কোনও সমস্যা নেই”। এও বলা হয়, এতদিন পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে রাজ্য।






