এবার থেকে বিয়ে করলেই টাকা দিতে হবে তৃণমূল নেতাদের, শাসকদলের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

এ যেন ২০০ বছরের পুরনো কোনও আইনব্যবস্থা। কারোর বিয়ে হোক বা অন্ত্যেষ্টি, বা কোনও ধরণের কোনও অনুষ্ঠান, তা করার আগে জানাতে হবে স্থানীয় নেতৃত্বকে, তাদের তরফে অনুমোদন মিললে তবেই এলাকাবাসী নিজেদের কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। এমনই নির্দেশিকা জারি করা হল তৃণমূলের তরফে।

অভিযোগ, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চাকদাড়িবেড়িয়ায় এক অদ্ভুত নির্দেশিকা জারি করা হয়েছে সেখানকার খাপ পঞ্চায়েতের তরফে। বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে এক লিফলেট। এই লিফলেটে সাফ জানানো হয়েছে যে এবার থেকে ওই এলাকায় কারোর বিয়ে হলে বা অন্ত্যেষ্টির কাজ হলে, তা আগে তৃণমূল নেতাদের জানাতে হবে। শুধু তাই-ই নয়, এই অনুষ্ঠানের জন্য তৃণমূল নেতাদের টাকাও দিতে হবে বলে অভিযোগ।

এমন ঘটনায় ক্ষিপ্ত মহিষাদলের বাসিন্দারা। তারা জানান যে তাদের বাড়ি বাড়ি খামে করে এই নির্দেশিকা পাঠানো হয়েছে শাসকদলের তরফে। কোনও অনুষ্ঠান হলে তৃণমূল নেতাদের টাকা দেওয়ার কথা উল্লেখ করার পাশাপাশি এই নির্দেশিকায় এও বলা হয়েছে যে গ্রামে কারোর যদি কোনও সমস্যা হয়, তাহলে তা নিয়ে থানায় অভিযোগ জানানো যাবে না। সমস্যার জন্য গ্রাম কমিটি সালিশি করবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।

এই ঘটনাকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ওই এলাকায়। বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এই ঘটনায় মহিষাদলের তৃণমূল বিধায়ক জানান যে এই ঘটনা যে ঘটনা তা তিনি সম্প্রতিই জানতে পেরেছেন কিন্তু কে বা কারা এমন নির্দেশিকা দিয়েছেন তা তিনি জানেন না।

তিনি এও বলেন যে দলের তরফে এমন কোনও নির্দেশিকা পেশ করা হয়নি। যারা এমন কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শুধু তাই-ই নয়, এমন ঘটনাকে চক্রান্ত বলেও দাবী করেছেন অনেক তৃণমূল নেতাও।

অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। তাদের অভিযোগ, সামনেই পঞ্চায়েত ভোট রয়েছে। এই কারণে এলাকাবাসীদের চাপে রেখে তাদের মধ্যে আতঙ্ক তৈরি করে ভোট কাড়তে চাইছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা।

RELATED Articles