করোনা সংক্রমন রুখতে এখন দেশ জুড়ে গণপরিবহন বন্ধ। তাই এবার অ্যাম্বুল্যান্সের মধ্যেই চললো মদ পাচার। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরে। অ্যাম্বুল্যান্সের ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার হল বোতল বোতল বিদেশি মদ।
অভিযোগ, লকডাউনের শুরু থেকেই পুলিশ এবং আফগারি দফতরের কাছে বেআইনিভাবে মদ বিক্রির খবর আসছিল। নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে চোরাই মদ বিক্রি করা হচ্ছিল। কয়েকটি জায়গায় ফোন লাগালেই নাকি পৌঁছে যাচ্ছিল দামি বিদেশি মদ। এক্ষেত্রে মদ বিক্রেতারা বিভিন্ন এজেন্ট ও রাস্তার ধারে অবস্থিত ধাবাগুলিকে কাজে লাগাচ্ছিলেন।
মদ বিক্রির এই চক্রকে ধরতে কিছুদিন ধরেই ওঁৎ পেতে ছিল পুলিশ। ইংরেজবাজার থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছেই এই কাজ চলছিল বলে খবর পায় পুলিশ। তারপর সেই জায়গা সংলগ্ন দোকানগুলিতে বিশেষ নজর রাখতে শুরু করে পুলিশ। শুক্রবার সকালে একটি অ্যাম্বুল্যান্সকে সন্দেহজনক মনে হওয়ায় আটক করে হবিবপুর থানার পুলিশ।
আইহো নাকা চেকিংয়ের কাছে পুলিস অ্যাম্বুল্যান্সটিকে আটক করে। পুলিসের প্রাথমিকভাবে সন্দেহ হয়, হবিবপুরের কোনও দোকান থেকে বেআইনিভাবে এই মদের বোতলগুলি নিয়ে আসছিল ওই অ্যাম্বুল্যান্সটি। মদ পাচারের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস।





