মুখের বুলি এখনও আধো-আধো, কিন্তু ৫০ সেকেন্ডেই ১৭টি রাজধানীর নাম গড়গড় করে বলে রেকর্ড গড়ল দেড় বছরের খুদে

ভারতের ঠিক ক’টা রাজ্যের রাজধানীর নাম আপনার মুখস্থ রয়েছে? সবক’টিই? সেই সব নাম ৫০ সেকেন্ডের মধ্যে বলতে পারবেন? সব না হলেও ১৭টি রাজধানীর নাম বলতে পারবেন? কী খুব কঠিন কাজ মনে হচ্ছে? কিন্তু বাংলার এক খুদের কাছে এই কাজ নস্যি। এমন কাজ করে দেখিয়েছে ১ বছর ১০ মাসের এক শিশুকন্যা।

আজকাল সোশ্যাল মিডিয়ায় নানান ঘটনার কথা আমাদের সামনে আসে। নানান খুদে প্রতিভার কথা জানতে পারি আমরা। কারোর কারোর সেই প্রতিভার স্বীকৃতি মেলে। এবার নিজের প্রতিভার স্বীকৃতি পেল পুচকে শিশুকন্যা দিশা। তাঁর এই কাজে গোটা বাংলার নাম উজ্জ্বল করল সে।

কী ঘটেছে ঘটনাটি?

এখনও পরিষ্কার বুলি ফোটে নি। গলায় এখনও আধো আধো ভাব রয়েছে। কিন্তু ওই যে বলে মানুষ নাকি প্রতিভা নিয়েই জন্মায়। তেমনটাই ঘটেছে ছোট্ট খুদে দিশা সরকারের সঙ্গেও। উত্তর ২৪ পরগণার বসিরহাটের ধান্যগুড়িয়া গ্রামের বাসিন্দা দিশা। বয়স ১ বছর ১০ মাস। বাবার নাম জয়দেব সরকার, পেশায় শিক্ষক আর দিশার মা পায়েল সরকার। ৫০ সেকেন্ডের মধ্যেই দেশের ১৭টি রাজ্যের রাজধানীর নাম গড়গড় করে বলে দিতে পারে দিশা। যা শুনে হতবাক হতে হয় সকলকেই।

দিশার মা-বাবা জানান, শুধুমাত্র রাজধানীর নামই নয়, নানান ফুল, ফল, নানান পাখি, মানবদেহের নানান অঙ্গপ্রত্যঙ্গের নামও অনায়াসে ৫০ সেকেন্ডের মধ্যে বলে দিতে পারে দিশা। একবার শুনেই যে কোনও বিষয় মনে রাখতে পারে ওই খুদে, এমনটাই জানান তার অভিভাবকরা।

মেয়ের এমন প্রতিভা যাতে স্বীকৃতি পায়, সেই কারণে গত মাসেই গিনেস বুকে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেন দিশার মা-বাবা। সেই অনুযায়ী ভিডিও কলের মাধ্যমে পরীক্ষা হয় ওই খুদের। তাতে পাশ করেই রেকর্ড গড়ল বাংলার এই একরত্তি। জানা গিয়েছে, গত ৫ অক্টোবর ইন্ডিয়া বুক অফ রেকর্ডের তরফে দিশাকে মেডেল ও সার্টিফিকেট পাঠানো হয়েছে।

RELATED Articles