স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত বেলুড়, তৃণমূল নেতার বিরুদ্ধে গরিবদের সাথে অসহযোগিতার অভিযোগ

করোনার আবহে সাধারণ মানুষের জীবন বর্তমানে দুর্বার হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী করোনা রুখতে যে লকডাউনের নির্দেশ জারি রয়েছে তার মাঝেই ঘটে চলেছে একের পর এক নানা নিয়ম ভঙ্গের ঘটনা। কিছুদিন আগে হাওড়ার টিকিয়াপাড়ায় মানুষের ঢল নেমেছিল রাস্তায় এবার বেলুড়েও সেই একই দৃশ্য।

তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে তুমুল উত্তেজনা ছড়াল বেলুড়ের ভোটবাগান এলাকায়। শনিবার রাত ন’টায় ৫৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়ির সামনে মানুষের জমায়েত ঘটে। লকডাউনের মাঝেই বারবার সোশ্যাল ডিস্টানসিং না মেনে রাস্তায় এত মানুষের ঢল নামলে বর্তমান পরিস্হিতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা মানুষের কল্পনাতীত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, লকডাউনের মধ্যে ওই এলাকার দুঃস্থ মানুষেরা চরম সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন। কিন্তু সব কিছু জেনেও প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা একবারের জন্যও তাঁদের পাশে এসে সাহায্য করেননি। অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতার গলায় অন্য সুর। তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্থানীয় কিছু লোক নেহাতই ইচ্ছাকৃতভাবে তাঁকে বদনাম করতে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে ভুল খবর দিচ্ছে।

তৃণমূল নেতা রিয়াজের বিরুদ্ধে অতীতেও অনেক অভিযোগ উঠেছে। বছর দেড়েক আগে বেলুড় বাজার সংলগ্ন এলাকায় টোটো চালকদের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয়। এমনকি গুলি চলারও অভিযোগ উঠেছিল। সেই সময়েও এই নেতার নাম উঠে এসেছিল। তারপর অবশ্য রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্ল থেকে বালির বিধায়ক বৈশালী ডালমিয়া দলীয় বৈঠকে রিয়াজকে সতর্ক করেছিলেন। তবে এই ঘটনার মধ্যে তাঁর কতটা অবদান তা এখনো স্পষ্ট হয়নি।

RELATED Articles

Leave a Comment