গত সোমবার দার্জিলিং সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার জিটিএ নির্বাচনের পর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর নানান সময় দার্জিলিংয়ে নানান জায়গায় দেখা গিয়েছে তাঁকে। কখনও তাঁকে দেখা গিয়েছে রাস্তার ধারের স্টলে ফুচকা বানাতে, তো আবার কখনও কোথাও মোমো তৈরি।
মুখ্যমন্ত্রীকে এভাবে সকলের সঙ্গে মিশে যেতে দেখে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দা। তবে এরই মধ্যে উঠে এসেছে বেশ কিছু অভিযোগও। স্থানীয়রাই এই অভিযোগ করেছে দার্জিলিং প্রশাসনের কাছে। এভাবে বারবার মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের জেরে বেশ সমস্যার মুখেও পড়তে হচ্ছে স্থানীয়দের।
মুখ্যমন্ত্রী দার্জিলিং সফর করা মানে তাঁর গাড়ির সঙ্গে থাকবে কনভয়। সেই কনভয় যাওয়ার জন্য সময়ও লাগে বেশ। ভিআইপিদের গাড়ি যাওয়ার জেরে বাকি ট্র্যাফিক বন্ধ করে দেওয়া হয় নানান রুটে। আর জেরেই চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের।
বেশ কিছু স্থানীয় বাসিন্দা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী যখন দার্জিলিংয়ে আসেন, সেই সময় রাস্তাঘাটে জ্যামের জেরে বেশ অসুবিধার মুখে পড়তে হয় তাদের। একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয় ভিআইপিদের কারণে। আর এর জেরে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
এক বাসিন্দা অভিযোগ করেন যে যেই সময় মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে আসেন সেই সময় শহরের রাস্তাঘাটে এমন জ্যাম হয় যে মাত্র ৩২ কিলোমিটার পথ যেতেও চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। এর জেরে কোনও এমার্জেন্সির সময় বড়সড় বিপদের মধ্যে পড়তে হতে পারে তাদের। দার্জিলিং-কার্শিয়াং-শিলিগুড়ি রুটে সাধারণ যাত্রীদের যাতায়াত করা খুবই দুষ্কর হয়ে ওঠে সেই সময়। সেই কারণে স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করেছেন যখন মুখ্যমন্ত্রী দার্জিলিং সফর করবেন, সেই সময় যেন ওই শহরে ছুটি ঘোষণা করা হয়। তাহলে কাজে বেরিয়ে রাস্তায় এভাবে তাদের হেনস্থা হতে হবে না।





