বিরোধীরা নয়, এবার তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ তুলল তৃণমূলেরই একাংশ, বিক্ষোভ এলাকাজুড়ে, অস্বস্তিতে শাসক শিবির

এতদিন পর্যন্ত এমন অভিযোগ তোলা হত বিরোধী শিবিরের তরফে। কিন্তু এবার নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করল তৃণমূলের একাংশ। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের দাবী, ত্রাণ চুরি করছে দলেরই একাংশ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ ছড়াল এলাকায়।  

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদ্বারি গ্রামে। জানা গিয়েছে, কিছুদিন আগেই নিম্নচাপের জেরে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সেই সময় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে এই মঙ্গলদ্বারি গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখে সেই এলাকায় ৩ ট্রাক ত্রাণ বণ্টনের নির্দেশ দিয়েছিলেন তিনি।

সেই নির্দেশ অনুযায়ীই কয়েকদিনের মধ্যেই সেখানে পৌঁছয় ট্রাক ভর্তি ত্রাণ। সেই ত্রাণের জিনিসপত্র মজুত করে রাখা হয়েছিল স্থানীয় মঙ্গলদ্বারি জুনিয়র হাইস্কুলে। তবে স্থানীয় তৃণমূলের একাংশের অভিযোগ, সেই স্কুল থেকে রাতের অন্ধকারে টালা খুলে গত কয়েকদিন ধরে সেই ত্রাণ পাচার করছে দলেরই নেতারা। আর চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বিডিও।    

এই ত্রাণ পাচারের বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ মুজিবুর রহমান বলেন, “রাতের অন্ধকারে স্কুলের তালা খুলে কয়েকজন ব্যক্তি ত্রাণ পাচার করছে। এর পিছনে বিডিওর মদত রয়েছে। আমরা বিডিওর পদত্যাগ দাবী করছি”। অন্য এক স্থানীয় তৃণমূল কর্মীর কথায়, “এতদিনে এই ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তৃণমূলের একাংশ সেই ত্রাণ স্কুলে লুকিয়ে রেখে রাতের অন্ধকারে পাচার করছে”।

যদিও ব্লক তৃণমূল নেতৃত্বের দাবী, তাদের কাছে এই ধরণের ঘটনার কোনও খবর নেই। এক ব্লক তৃণমূল নেতা জানান, তিনি এই বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।

আরও পড়ুনঃ এবার টিকিট কনফার্ম হবে নিমেষেই, থাকতে হবে না ওয়েটিং লিস্টে, দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং নিয়মে এল বড় বদল

বলে রাখি, তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ কোনও নতুন ঘটনা নয়। এর আগেও বিরোধীরা একাধিকবার ত্রাণের ত্রিপল, চাল চুরির অভিযোগ করেছে শাসক দলের বিরুদ্ধে। এমনকি, আমফানের ক্ষতিপূরণের টাকাও নয়ছয় করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই সময় সেই অভিযোগ স্বীকারও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ৪ বছর বাদে ফের ত্রাণ চুরির অভিযোগে বিদ্ধ ঘাসফুল শিবির।

RELATED Articles