দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল। দূরের গন্তব্যস্থলে যেতে হলে অনেক আগে থেকে টিকিট কাটতে হত যাত্রীদের। সময় যত এগিয়ে আসে, ট্রেনের আসন সংখ্যাও কমতে থাকে। এর ফলে অনেক যাত্রীদেরই ওয়েটিংয়ে থাকতে হয়। তবে এবার থেকে আর সেই ঝুটঝামেলা থাকবে না।
অনেক ক্ষেত্রেই এমন হয় যে কোনও যাত্রী অনেক আগে থেকে টিকিট বুক করেন। আবার অনেক যাত্রীকে ওয়েটিং লিস্টে থাকতে হয়। কেউ টিকিট বাতিল করলে তবে ওয়েটিং থেকে টিকিট কনফার্ম হয়। তবে এবার থেকে আর সেই অসুবিধা থাকবে না বলেই মনে করা হচ্ছে। ওয়েটিং লিস্ট কমবে রেলের এই নতুন নিয়মের ফলে।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল, গন্তব্যস্থলে যাওয়ার ১২০ দিন অর্থাৎ ৪ মাস আগে থেকে বুক করা যেত টিকিট। এবার সেই সময় কমিয়ে করা হল ৬০ দিন অর্থাৎ দু’মাস। ফলে টিকিট বাতিলের সম্ভাবনা কমবে এর ফলে। আর এর জেরে ওয়েটিং লিস্টের ঝামেলাও কম হবে। আগামী ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
যে সমস্ত যাত্রীরা ইতিমধ্যেই টিকিট বুক করেছেন, তাদের এই নতুন নিয়মের ফলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ ইতিমধ্যেই রিসারভেশন করানো টিকিটে এই নতুন নিয়ম কোনও প্রভাব ফেলবে না বলেই জানানো হয়েছে রেলের তরফে।
গতকাল, বুধবার রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, এবার থেকে অ্যাডভান্স টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম বদল করেছে ভারতীয় রেল। এবার থেকে ২ মাস আগে ট্রেনের টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। ৩০ অক্টোবর পর্যন্ত বুক করা টিকিটে কোনও প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে।
রেলের তরফে এও জানানো হয়, তাজ এক্সপ্রেস বা গোমতী এক্সপ্রেসের মতো ছোটো রুটের ট্রেন যা একদিনেই গন্তব্যে পৌঁছয়, সেক্ষেত্রে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে কোনও বদল আসছে না। আবার বিদেশী পর্যটকদের ক্ষেত্রে যে ৩৬৫ দিন বা এক বছর আগে থেকে টিকিট বুক করার নিয়ম ছিল, তা অপরিবর্তিতই থাকছে।





