আগামী সপ্তাহ থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন। অবশ্যই সুসংবাদ। আর এবার এই আনন্দের খবরকে দ্বিগুণ আনন্দের করে রেল জানালো যে সময় ট্রেন বন্ধ ছিল, সেই সময়টা মান্থলির মেয়াদে ধরা হবে না। বুধবার থেকে ট্রেন চালু হলে, সংশ্লিষ্ট সিজন টিকিটের মেয়াদ যোগ করে তা বাড়িয়ে দেওয়া হবে।
দীর্ঘ প্রায় আট মাস পর লোকাল ট্রেন (Local trains) পরিষেবা চালু হতে চলেছে বাংলায়। আগামী বুধবার থেকেই শিয়ালদহ শাখায় ৪৬ শতাংশ, হাওড়া ও দক্ষিণ-পূর্ব শাখায় প্রায় ১৫ শতাংশ ট্রেন চলা শুরু হবে। এই অবস্থায় অনেকেই মান্থলির মেয়াদ নিয়ে চিন্তিত ছিলেন। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ফলে, নির্দিষ্ট সময় পর অনেকেরই মান্থলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নিউ নর্মালে নতুন করে তা কাটতে আলাদা কোনও নিয়মের মুখে পড়তে হবে কি না, এসব নিয়ে ভাবিত তাঁরা। কিন্তু রেলের তরফে তাঁদের আশ্বস্ত করে শোনানো হয়েছে সুখবর। জানা গিয়েছে, যে সময় ট্রেন বন্ধ ছিল, সেই সময়টা মান্থলির মেয়াদে ধরা হবে না।
করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে হওয়া লকডাউনে (Lockdown) ২২ মার্চ ‘জনতা কারফিউ’ এর দিন থেকে বন্ধ হয় ট্রেন পরিষেবা। সেই দিনের নিরিখে মান্থলির মেয়াদের হিসেব করা হবে। শুক্রবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে। ধরা যাক, কারও সিজন টিকিটের মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। অথচ ২১ তারিখের পর তিনি ট্রেনে যাতায়াতের সুযোগ পাননি। সেক্ষেত্রে আগামী ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হলে পরবর্তী ১০ দিন ওই মান্থলি দেখিয়েই তিনি যাতায়াত করতে পারবেন। এর জন্য অবশ্য সংশ্লিষ্ট কাউন্টারে গিয়ে মান্থলির দিনক্ষণ বদল করিয়ে নিতে হবে তাঁকে। রেল সূত্রে খবর, নিত্যযাত্রীদের এই সংক্রান্ত পরিষেবা দিতে আগামী ৯ তারিখ সকাল ৮টা থেকেই কাজ শুরু হবে। যে কাউন্টার থেকে মান্থলি কেটেছিলেন, সেই কাউন্টারে গিয়েই তা দেখিয়ে দিনক্ষণ বদল করাতে হবে।
এই ঘোষণা ছাড়াও শুক্রবারের বিজ্ঞপ্তিতে নিউ নর্মালে ট্রেনের সংখ্যা ও নতুন সময়সূচিও জানানো হয়েছে। আগে শিয়ালদহ শাখায় দিনভর চলত ৯১৩ টি ট্রেন। এখন চলবে ৪১৩ টি লোকাল। হাওড়া শাখায় ৪৩৮ টির বদলে ২০২টি লোকাল চলবে। দিনের শুরুতে ব্যস্ত সময়ে শিয়ালদহ শাখায় চলত ৫১টি ট্রেন। বুধবার থেকে চলবে ৪৫টি। বিকেলের অফিস টাইমে চলত ৫৮ টি ট্রেন, এখন চলবে ৪৮টি। অন্যদিকে, হাওড়া শাখায় দিনের ব্যস্ত সময়ে আগে ৩১টি ট্রেন চালানো হত। নিউ নর্মালেও সেই সংখ্যা একই থাকছে। বিকেলে আগে চলত ৩৭টি ট্রেন, এখন থেকে ২৪ টি ট্রেন চালানো হবে।





