স্বল্প ওভারের ক্রিকেটে একাধিকবার ব্যর্থ হয়েছেন ভারত তথা আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। এই বছরের আইপিএলেও ব্যর্থ হল বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আরসিবি। সেই সঙ্গে চলেনি বিরাটের ব্যাটও। শুক্রবার হারের পর সোশ্যাল মিডিয়া জুড়ে জোর সমালোচনা শুরু হয় অধিনায়ক বিরাটের।
কেউ কেউ দাবি করে বসেন আরসিবির সঙ্গে সঙ্গে ভারতের স্বল্প ওভারের ফর্ম্যাটেও অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হোক বিরাটকে। তার বদলে ওয়ানডে ও টি-২০ তে ভারতের অধিনায়ক করা হোক রোহিত শর্মাকে। রোহিতের অধিনায়কত্বে আসতে পারে ট্রফিও। সেই সঙ্গে স্বল্প ওভারের ফর্ম্যাটে রোহিত বিরাটের চেয়ে অনেক গুণ ভালো অধিনায়কত্ব করবেন। এমনিতেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হিসেবে বেশ সফল রোহিত শর্মা, চারবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। যেখানে গত আট বছর ধরে ব্যর্থ বিরাট।
২০১৬ সালে শেষবার ফাইনালে খেলেছিল আরসিবি। তারপর থেকেই লিগ স্টেজ থেকে বিদায় নিতে হয়েছে আরসিবিকে। দল ভালো থাকলেও সঠিক ভাবে কাজে লাগাতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা আরসিবি ম্যানেজমেন্ট। উপরন্তু যে কোনও নক আউট ম্যাচ আসলেই যেন কিং কোহলির ব্যাট আর চলে না। এছাড়াও দীর্ঘ আট বছর ধরে দলের ভালো না হওয়ায় অধিনায়ক বিরাট কোহলিকে কটূক্তি করেছেন গম্ভীর। তিনি বলেছেন, বিরাট কোহলির উচিত অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোনিবেশ করা।





