করোনা সংক্রমণ রুখতে আগামী ১৫ই জুন পর্যন্ত জারি ছিল লকডাউন। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১লা জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
আজকের এই বৈঠকে নবান্নের এই বৈঠকে জানানো হয় যে ২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চলবে। অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। কিন্তু বন্ধ থাকছে মেট্রো-বাস-ট্রেন পরিষেবা। অফিসের তরফে কর্মীদের জন্য যান পরিষেবা দেবে অফিস। এদিকে এও জানানো হয়েছে যে জিম, স্পা, সুইমিং পুল সব আপাতত বন্ধই থাকছে।
বাজার ও মুদির দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত। অন্যদিকে, খুচরো দোকান ও শপিং খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ৩০ শতাংশ লোককে শপিং মলে ঢুকতে দেওয়া যাবে। এও জানা গিয়েছে যে রেস্তোরাঁ, বার, হোটেল খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে ৫০ শতাংশ ক্রেতাই প্রবেশ করতে পারবে।
অন্যদিকে, আগের মতোই ব্যাঙ্ক খোলা থাকছে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। প্রাতঃভ্রমণের জন্য খোলা থাকবে পার্ক সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত। কিন্তু টিকার দুটি ডোজ নেওয়া হলে তবেই পার্কে ঢোকা যাবে।





