তিনি নাকি তৃণমূলে ফিরতে চান! মুকুল রায়ের ফেরার অনেক আগে থেকেই তৃণমূলের দরজায় কড়া নাড়ছেন তিনি। কিন্তু এখনও ঢোকার সুযোগ হয়নি। কিন্তু এই অবস্থাতেই ফাঁক দিয়ে গলে গেছেন প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল নেতা মুকুল রায়।
আর এই অবস্থাতেই মুকুলকে তীব্র কটাক্ষ করলেন মিহির গোস্বামী। কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির বাবুর কথায় ‘কিছু নেতা আছেন যাঁরা ক্ষমতার বাইরে থাকতে পারেন না। তাঁদের মনে হয়েছিল বিজেপি ক্ষমতায় আসবেই। তাই দল পাল্টে ছিলেন। এঁরা রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই পালাবদলের জোয়ারে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন মিহির গোস্বামী।
উত্তরবঙ্গে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে তাঁকে নিশানাও করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য ছিল, ‘এঁরা জোয়ারে আসে ভাটায় চলে যায়।’
তবে গুঞ্জন, মুকুল রায়ের দলবদলে কার্যত ঈর্ষান্বিত মিহির বাবু। কারণ সোনালী গুহ, দিপেন্দু বিশ্বাস, সরলা মুর্মুদের মতো তিনিও এখন শাসক দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন বলে খবর।





