WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে

হুগলীর চুঁচুড়া থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেই অনুযায়ী বেরিয়েছিলেন ভোট প্রচারে। কিন্তু এখানেই ঘটল বিপত্তি। চোখে রং ছোঁড়া হল তাঁর। বিজেপি সাংসদের অভিযোগ, রবীন্দ্রনগরে প্রচার চলাকালীন দুজন মহিলা তাঁর চোখে রং ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গেই জলের ঝাপটা দেন তিনি। কিন্তু তা সত্ত্বেও জ্বালা কমছে না বলে জানান তিনি। লকেটের অভিযোগ, এ কাজ তৃণমূলের। পাল্টা তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের কথায়, লকেটদেবী নাটক করছেন।

জানা গিয়েছে, এদিন রবীন্দ্রনগর এলাকায় টোটো করে প্রচার করছিলেন লকেট চট্টোপাধ্যায়। এর সময়ই ঘটে বিপত্তি। বিজেপি নেত্রীর অভিযোগ, “ওই অঞ্চলে মহিলারা খুব সুন্দর একটি বসন্ত উৎসব করছিলেন। তারা বলেন টোটো থেকে নেমে আসতে। আমি নামতেই অন্য মহিলারা রং ছোঁড়েন”। আর কয়েকজন তাঁকে জোর করে রং মাখানোর চেষ্টা করে বলেও জানান তিনি।

আরও পড়ুন- ভোটের কোপ দিঘাতে, প্রথম দু’দফার ভোটের কারণে বন্ধ দিঘা, পর্যটকবিহীন সমুদ্র সৈকত 

এই বিষয়ে তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, “আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কখনও এই শিক্ষা আমাদের দেননি যে বিরোধীদের গায়ে রং ছুঁড়তে হবে। আসলে লকেটদেবী হালে পানি পাচ্ছেন না, তাই এসব নাটক করছেন”।

তিনি আরও বলেন, “লকেটদেবী প্রার্থী হওয়ার পর থেকেই বিজেপির লোকজনই বলছে উনি লোভী। লোকসভা থেকে ইস্তফা না দিয়েই বিধানসভায় লড়ছেন। অনেকে এও বলেছেন যে তিনি ঘুষ নেন। লকেটদেবিকে কেউই মানতে চাইছে না। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, তাহলে বিজেপির বিক্ষুব্ধরাই ঘটিয়েছে”। অন্যদিকে, জানা গিয়েছে যে এই নিয়ে লকেটের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

RELATED Articles