গত সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী নানান রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রার্থী তালিকা সাজাতে শুরু করেছে। আগামীকালই তৃণমূলের তরফে ঘোষণা করা হবে পূর্ণ প্রার্থী তালিকা। কিন্তু এর আগেই বড় ভাঙন দেখা দিল শাসকদলে। ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দিলে একঝাঁক তৃণমূল নেতা।
সূত্রের খবর অনুযায়ী, আজই গেরুয়া শিবিরে পা দিয়েছেন একদল তৃণমূল নেতা। এদের মধ্যে রয়েছেন উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উপজাতি সেল সভাপতি কালী খাতিক, উত্তর ২৪ পরগণা জেলার উপজাতি সভাপতি শিব কুমার রাই, পাথুর ঘাটার পঞ্চায়েত সদস্য স্বপন নস্কর, অশোক রাই, ও কমল মণ্ডল।
আরও পড়ুন- শুক্রবার পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, বাদ যাওয়ার সম্ভাবনা প্রভাবশালী নেতা-মন্ত্রীদের
এই তালিকায় রয়েছেন তৃণমূল নেত্রী ও সমাজকর্মী শ্রীমতী কামিনী সমতানি। তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যদের অনেকেই আজ বিজেপিতে যোগ দিয়েছেন। তারা হলেন অজয় গুপ্ত, নারায়ণ সাউ, সুমিত শঙ্কর, রাজেশ দাস, চিন্টু সিং, গৌতম রাম, ও আরও অনেকে। এছাড়াও, বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল যুব কংগ্রেসের অনেক কর্মীরাই।
বিগত বেশ কিছু মাস ধরেই রাজ্য রাজনীতিতে চলছে দলবদলের খেলা। এর আগে ঝাঁকে ঝাঁকে তৃণমূল কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রী, বিধায়ক দল ছেড়ে বিজেপিতে এসে যোগ দিয়েছেন। গত বছরের ডিসেম্বর মাসেই শুভেন্দু অধিকারী নিজের মন্ত্রিত্ব ছেড়ে মেদিনীপুরে অমিত শাহ্’র সভায় গেরুয়া শিবিরে নাম লেখান।
আরও পড়ুন- বাংলার গদি জিততে বিজেপির ভরসা মোদী! প্রধানমন্ত্রীকে দিয়ে এক ডজন র্যালি করানোর উদ্যোগ
শুধু শুভেন্দুই নন, চলতি বছরের জানুয়ারি মাসে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও পদ ছেড়ে বিজেপিতে যোগ দেন। আসন্ন নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। এই কারণেই বেশ জোরকদমে লড়াইয়ের ময়দানে নেমেছে তারা। শেষ পর্যন্ত লড়াইয়ে কে টিকে থাকে, সে উত্তর মিলবে আগামী ২রা মে।





