আবারও সাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। ইতিমধ্যেই আকাশ জুড়ে ঘন মেঘ, সঙ্গে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই আবহাওয়া অন্তত কয়েকদিন চলবে এবং সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ ঢেকে গেছে মেঘে। কোথাও হালকা ফোঁটা, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, আর সর্বনিম্ন থাকবে প্রায় ২৬ ডিগ্রি। ফলে গরমের অস্বস্তি নেই বললেই চলে। বরং বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে গিয়ে খানিকটা আঠালো ভাব থাকছে। তবে স্বস্তি এই যে দিনের তাপমাত্রা কমে সাধারণের হাঁসফাঁস কমাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার অর্থাৎ ২৫ অগস্ট দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারও একই ছবি দেখা যাবে, তবে দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মঙ্গলবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় একই পরিস্থিতি বজায় থাকবে। সপ্তাহের মাঝামাঝি সময়েও আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই, ফলে উত্তরবঙ্গেও ভিজতে থাকবে লাগাতার।
আরও পড়ুনঃ Astrology: ২০২৭ পর্যন্ত শনি দেবের আশীর্বাদ, ভাগ্য খুলে যাবে ৩ রাশির
গত রবিবার কলকাতার তাপমাত্রা নামল যথেষ্টটাই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ মাত্রা ছুঁয়েছে ৯৯ শতাংশ। তাই আকাশে রোদ দেখা দিলেও গরম তেমন বাড়ছে না। আপাতত নিম্নচাপের গতিপথই ঠিক করবে বৃষ্টির পরিমাণ। তবে দক্ষিণবঙ্গ-সহ সমগ্র রাজ্যেই আগামী কয়েকদিনের জন্য ভিজে আবহাওয়াই সঙ্গী হতে চলেছে।






