জুলাই মাসের শুরুতেই স্বস্তির খবর হোটেল, রেস্তরাঁ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য। ১ জুলাই থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় একধাক্কায় ১৭৪ টাকা কমেছে। ফলে নতুন দাম হয়েছে ৩,০৮১ টাকা ৫০ পয়সা। তবে সাধারণ গ্রাহকদের ব্যবহৃত ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। সেটি আগের মতোই ৯৬৮ টাকায় মিলবে।
প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। গত কয়েক মাস ধরে ১৯ কেজির সিলিন্ডারের দাম একাধিকবার বেড়েছিল। জানুয়ারিতে ১১১ টাকা, ফেব্রুয়ারিতে ৪৯ টাকা, মার্চে ৩১ টাকা এবং এপ্রিলে ২১৮ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল। এরপর মে ও জুন মাসেও মূল্যবৃদ্ধি হয়েছিল।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাবেই এই সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সরবরাহ ব্যবস্থাও আগের অবস্থায় ফিরছে। তারই প্রভাব হিসেবে জুলাইয়ের শুরুতে দামে উল্লেখযোগ্য ছাড় মিলেছে।
এই ধরনের সিলিন্ডার মূলত হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। টানা মূল্যবৃদ্ধির কারণে এসব প্রতিষ্ঠানের খরচ অনেকটাই বেড়ে গিয়েছিল। নতুন দামে তাঁদের কিছুটা আর্থিক স্বস্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ জ্বালানি কেনার নিয়মে আচমকা বড় পরিবর্তন! কয়েকদিন আগেই জারি হওয়া সিদ্ধান্তে কেন পিছু হটল সরকার, ১ জুলাই থেকে কী বদলাবে? স্বস্তির হাওয়া কি বইতে চলেছে সাধারণ মানুষ ও পরিবহণ খাতে?
অন্যদিকে, গৃহস্থালির ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সাধারণ রান্নার গ্যাসের দামে পরিবর্তন হবে কি না, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং কেন্দ্রের মূল্যনীতির উপর।






