তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এক যুবক বাইকে করে এসে এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে। পরে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং কয়েকটি ছবি নিজের এক্স হ্যান্ডলে প্রকাশ করেন অভিষেক। পাশাপাশি তিনি ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।
অভিষেকের শেয়ার করা প্রায় এক মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এক যুবক বাইক থামিয়ে বাড়ির সামনে আসে। এরপর রাস্তা থেকে একটি পাথর তুলে বাড়ির দিকে ছুড়ে মারে। প্রথমবার পাথরটি বাইরে ফিরে এলে সে আবার সেটি তুলে দ্বিতীয়বার ছোড়ে। কিছুক্ষণ ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর ওই যুবক বাইকে চেপে সেখান থেকে চলে যায়।
ঘটনার কয়েক সেকেন্ড পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। অভিষেকের দাবি, এই ঘটনায় বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙে গিয়েছে। তিনি প্রশ্ন তুলে জানতে চান, ঘটনার সময় পুলিশ কোথায় ছিল এবং কার নির্দেশে ওই ব্যক্তি এমন কাজ করে সহজেই এলাকা ছেড়ে চলে যেতে পারল।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থাকা পুলিশ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এরপর থেকে তাঁর কালীঘাটের বাড়ির সামনে বহু মানুষকে ভিড় করতে এবং ছবি তুলতে দেখা যায়। সম্প্রতি বাড়ির মূল গেটে বাইরের দৃশ্য আড়াল করার জন্য ভিউ কাটারও লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ স্বস্তি গ্রাহকদের! একধাক্কায় ১৭৪ টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম
এই ঘটনার পর ফের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও প্রকাশ করে বিষয়টি সামনে আনেন। যদিও ঘটনার তদন্ত বা অভিযুক্তকে চিহ্নিত করা নিয়ে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
Bengal is witnessing the complete normalisation of violence under @BJP4India’s GOONDA RAJ.
In the early hours of this morning, an individual arrived outside my family’s residence, stopped his bike and repeatedly hurled a large stone at my home, shattering the first floor… pic.twitter.com/7D9lve0cHS
— Abhishek Banerjee (@abhishekaitc) June 30, 2026






