টাকার নীচে চাপা পড়েছে স্বপ্ন! এমএ-বিএড পাশ করেও আজ টোটোচালক বকুল দেবনাথ

ইচ্ছা ছিল এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষক হবেন। স্নাতকোত্তর, বিএড পাশ করে টোটো চালিয়ে পেট চালাচ্ছেন তিনি। স্বপ্ন চাপা পরেছে টাকার তলায়।

বকুল দেবনাথ এখন হরিণঘাটার রাস্তায় টোটো চালান। বকুলের দেবনাথের বাড়ি নদিয়ার হরিণঘাটায় নগরউখরা পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামে।বাবা-মা তাঁত বুনে তাঁদের তিন ভাইকে লেখাপড়া শিখিয়েছেন। বাকি দুই ভাই গ্র্যাজুয়েট। দাদা কল্যাণী মহকুমাশাসকের দফতরে করণিকের চাকরি পেয়েছেন আর ছোট ভাই কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়ে এখন দিল্লিতে থাকেন। শুধু বকুলেরই ভাগ্যে খারাপ। শিক্ষক হতে চাওয়ায় অন্য কোনও চাকরির পরীক্ষার প্রস্তুতিও নেননি তিনি।

২০১৫ সালে এমএ পাশ বকুল টেট পরীক্ষা দিয়েছিলেন। সে বছর তাঁর বিএড না হওয়ায় মৌখিক পরীক্ষায় ডাক পাননি। পরের বছর যখন নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা হয়, বকুল তখন বিএড করছেন। কিন্তু এসএসসি দুর্নীতি ও মামলার জন্য রাজ্য সরকার আর স্কুলে নিয়োগ করেনি।

বকুল আক্ষেপের সুরে জানিয়েছেন, ‘এসএসসি পরীক্ষায় বসলেই যে চাকরি পাব, তার নিশ্চয়তা নেই। কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগই তো পেলাম না! আর এখন এই কোটি-কোটি টাকার দুর্নীতি সামনে আসার পর সন্দেহ হচ্ছে, এ রাজ্যে মেধার ভিত্তিতে স্কুলে চাকরির কোনও সম্ভাবনা আদৌ আছে কি না।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles