‘কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসব না’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানিয়ে শেষ লাইভ করলেন মদন মিত্র

তাঁর ফেসবুক লাইভ মানেই মানুষের ভিড়। তাঁর নানান মন্তব্যের জেরে বিতর্কও কম হয় না। তবে মদন মিত্রের লাইভ উপভোগ করেন নেটিজেনরা। কিন্তু এবার ‘কালারফুল’ বিধায়ককে আর দেখা যাবে না লাইভে। সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন মদন মিত্র।

না, পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে নয়, তবে লাইভে আসা থেকে আপাতত বিরতই থাকবেন তিনি। অন্তত ৩০শে জুন পর্যন্ত তো বটেই। গতকাল, বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে এমনটা নিজেই জানালেন কামারহাটির বিধায়ক। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

সম্প্রতি লাইভ করা নিয়ে বারবার বিতর্কে জড়াচ্ছিলেন মদন মিত্র। লাইভে এসে দলের প্রতি উষ্মাও প্রকাশ করে ফেলছিলেন। এই কারণে তাঁকে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে সতর্ক করা হয়। সতর্ক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। এরপর লাইভে এসে তিনি জানান বটে যে সমস্ত সমস্যা মিটে গেছে। তবে সেই বিতর্ক শেষ হওয়ার আগেই তিনি জানিয়ে দিলেন যে আপাতত কিছুদিন সোশ্যাল মিডিয়ায় আর লাইভে আসবেন না তিনি।

গতকাল রাতে ফেসবুক লাইভে এসেই কামারহাটির তৃণমূল বিধায়ক জানান, “আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী ৩০ জুন পর্যন্ত আমি কোনও ফেসবুক লাইভ, ইনস্টাগ্রাম বা কোনওভাবেই অন্য কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসব না”। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা অবশ্য কিছু জানান নি তিনি।

একটু হেঁয়ালি করেই মদন মিত্র বলেন, “আমার কাছে কোথা থেকে একটা নির্দেশ বা ইঙ্গিত এসেছে যে মদন মিত্র তুমি ফেসবুক ছেড়ে দাও। বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক করলে তোমার ফেসবুকে যে গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাবে। তাই যখন নির্দেশ এসেছে আমি করব না”। তবে তাঁকে কে এই নির্দেশ দিয়েছেন, তা নিয়ে মুখ খোলেন নি ‘কালারফুল’ বিধায়ক।

এদিন মদন মিত্র লাইভে আরও বলেন, “আমি ফেসবুক করি তো তৃণমূলের দয়ায়। আমার ফেসবুক মদন মিত্র বা বিধায়ক বলে মানুষ দেখে না। দলের সাধারণ কর্মী হিসেবেই আমার কথা শোনে। তাই আমি তৃণমূলের পক্ষ থেকে বলছি, একদম ব্যস ক্ষতম। মদন মিত্র আর ফেসবুক, ইনস্ট্রা করবে না আগামী ৩০ জুন পর্যন্ত”। তাঁর এমন সিদ্ধান্তে বেশ মন খারাপই হয়ে গিয়েছে তাঁর অনুরাগীদের।

তবে তিনি শেষে জানিয়েছেন যে কোনও দলীয় অনুষ্ঠান হলে বা প্রচার থাকলে, তা তিনি ফেসবুকে অবশ্যই জানাবেন। কোনও ঘটনা ঘটে থাকলেও, তা জানান দেবেন সোশ্যাল মিডিয়ায়। তবে কোনও কারণ ছাড়া আর ফেসবুক লাইভ করবেন না কামারহাটির বিধায়ক।

RELATED Articles