আজ, শনিবার হুগলী জেলার সিঙ্গুরে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেখানে এই অনুষ্ঠানে সিঙ্গুরে কেয়া শেঠতে কারখানা করতে বলার আবেদন করতে শোনা যায় মদন মিত্রকে। সিঙ্গুরের কর্মসংস্থান নিয়ে মন্তব্য করেন তিনি
এদিন মদন বলেন, “আমি বেচারাম মান্নাকে বলব, এখানে নতুন একটা ফ্যাক্টরি করতে। মন্ত্রীকে বলছি, এখানে ফ্যাক্টরি করুন। ছেলেমেয়েদের কাজ দিন”। এর পাশাপাশি তিনি আরও বলেন, “কেয়া শেঠকে বলব সিঙ্গুরে একটা কারখানা করতে। মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে কথা বলে কারখানা করুন। মানুষকে কাজ দিন। আমরা সব রকম সাহায্য করব”।
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূলকে রাজ্যে প্রতিষ্ঠা করার ইতিহাসে বেশ বড় ভূমিকা পালন করেছিলেন সিঙ্গুর আন্দোলন। এই সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের উপর ভর করেই রাজ্যে নিজের জমি আরও পোক্ত করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরবর্তীতে টাটা অধিকৃত সেই জমি ফিরিয়ে দিয়েছিলেন কৃষকদের। সম্প্রতি, সেই জমির কিছু অংশে মাছের ভেড়ি গড়ে উঠেছে। এতে সহযোগিতা করেছে তৃণমূল। এই বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা কম হয়নি। এবার এরই মধ্যে নতুন প্রস্তাব দিলেন মদন মিত্র।
আজ, শনিবার আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল নিয়েও প্রতিক্রিয়া দেন কামারহাটির বিধায়ক। তিনি বলেন, “বিজেপি বিরোধী ভোট প্রতিদিন বাড়ছে। এর কারণ, বিরোধী এখন সিপিএম”। মদনের মতে, আসানসোলে শত্রুঘ্ন সিনহার জয়ের পর জাতীয় স্তরে তৃণমূল আরও শক্তিশালী হবে।





