‘মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন সুদীপ’, তাপস-সুদীপ দ্বন্দ্বে সুদীপকে ‘বুড়ো খোকা’ বলে তোপ দেগে তাপসের পাশে দাঁড়ালেন মদন

তাপস রায়ের (Tapas Roy) পাশে দাঁড়িয়ে এবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Banerjee) তোপ দাগলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাপস-সুদীপ দ্বন্দ্বে মদন মিত্র (Madan Mitra) যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন, তা রাগেরও অতীত। মদনের কথায়, সুদীপ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অপমান করেছেন। সেকথা বলতে গিয়ে অতীতে সুদীপের দল থেকে বহিষ্কার হওয়ার প্রসঙ্গও টেনে আনলেন মদন মিত্র।

মদন মিত্রের কথায়, “আমি কালকে দেখলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি আবার বিজেপির বাড়ি যাব। কিন্তু এ কথা বলা মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা, তাঁকে চ্যালেঞ্জ করা। এভাবে বলা যায় না। এটা মদন মিত্র বা তাপস রায়ের ব্যাপার না। এটা রাজনৈতিক নীতির ব্যাপার”।

কামারহাটির বিধায়ক বলেন, “আমি যদি বলি শুভেন্দুর বাড়ি যাব। এটা তো অহঙ্কারের কথা নয়। এটা পার্টি বিরোধী কথা হয়ে গেল”। এরপরই বেশ আক্ষেপের সুরে তিনি বলেন, “আমার খারাপ লাগছে যে পার্টিতে নানারকম পরস্পরবিরোধী মতামত দেখা যাচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। তাপসকে অপমান করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওয়ান পয়েন্ট প্রোগ্রাম নিয়ে তাপসের পিছনে লেগেছেন। তাপস উত্তর কলকাতার একটা মুখ। এখনও উত্তর কলকাতার গলিতে গলিতে মানুষ তাপসকে চেনে। তাপস যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হয় তার পরই আমি ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি। ওকে অপমান করা বা ঔদ্ধত্য দেখানো ঠিক হচ্ছে না”।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘বুড়ো খোকা’ বলে খোঁচা দিয়ে মদন বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় হলেন লোকসভায় তৃণমূলের দলনেতা। তিনি যদি বলেন যে বেশ করব বিজেপির বাড়ি যাব, তা হলে তা ঔদ্ধত্য দেখানো হয়। এতে পার্টিতে কী বার্তা যাচ্ছে? আপনার ওয়ার্ডের তৃণমূল কর্মীরা যদি কাল থেকে বিজেপির বাড়ি যাওয়া শুরু করে, তা হলে কী করবেন?” এর পরই পুরনো গানের দুটি লাইন তুলে ধরে মদন বলেন, “তেলের শিশি ভাঙল বলে খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা দল ভেঙে ভাগ করো! তার বেলা”।

তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, “তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ইতিহাস ওঁর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে প্রমোদ মহাজন, বিজয় গোয়েলকে ম্যানেজ করে মন্ত্রী হতে চলেছিলেন”।

সেই প্রসঙ্গে টেনেই মদন মিত্র বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একবার দল ৬ বছরের জন্য বহিষ্কার করেছিল। সে সব তো সকলের মনে আছে। উনি লোকসভায় দলের নেতা। ওঁর বোঝা উচিত, আমরা দলের ভৃত্য নই। দলের অনুগামী। কাউকে অপমান করা তাই ঠিক হচ্ছে না”।

RELATED Articles