দলের বিজয়া সম্মিলনীতে (Bijaya Sommiloni) ডাক পান নি নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। এ নিয়ে গত বুধবারই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। নিজেকে চাকর ও বাকিদের বাবু শ্রেণী বলে আক্ষেপ জানান বিধায়ক। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নিউটাউনের বিজয়া সম্মিলনীতে বিধাননগরের কাউন্সিলর সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) আমন্ত্রণ পেলেও, ডাকা হয়নি তাপস চট্টোপাধ্যায়কে।
এই ঘটনা নিয়ে জলঘোলা কিছু কম হয়নি। তাপস ও সব্যসাচীর রাজনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয় রাজনীতির অন্দরে। প্রশ্ন উঠেছিল যে, সব্যসাচী কী এবার তবে টেক্কা দিলেন তাপসকে? এসবের মধ্যেই এবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলের প্রতি ফের ক্ষোভ উগড়ে দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নিউটাউনের বিধায়ক।
এদিন তাপস চট্টোপাধ্যায় বলেন, “কারও সঙ্গে আমার কোনও ব্যক্তিগত লড়াই নেই। কোনও টেক্কা দেওয়ার বিষয়ও নয়। যদি টেক্কা বলেন তা আমি অনেক আগে দিয়ে দিয়েছি। বিধায়ক বলতে কাকে বোঝায় নিউটাউনে গিয়ে জানতে চান। উদার মনে মানুষের জন্য কাজ করি। উনি যখন শপথ নিলেন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। কোনও ব্যাপার নেই। উনি আমার সঙ্গে হাত মিলিয়ে ফটো তুলেছেন। এটা কেউ লড়াইটা করিয়ে দিচ্ছে”।
বিধায়ক আরও বলেন, “২০১১ সালে কাকতালীয়ভাবে আমরা লড়েছিলাম। আমি বামে, উনি তৃণমূলে। ভোটে দাঁড়িয়েছিলেন, উনি জিতেও গিয়েছিলেন। কাজ করেছেন। পরের ১০ বছর কী কাজ হয়েছে সেটাও সকলে জানেন। কেউ যদি বলেন আমি নিজে রিজাইন করে দেব”।
এরপরই বিস্ফোরক মন্তব্য করে বসেন তাপস চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “আমার তো অন্য কথা মনে হয়। ওনাকে তাড়ানোর জন্য বোধহয় আমাদের প্রয়োজন ছিল। তা করে দেওয়ার পর… এক একটা ফেজে এক একজন আসেন তাড়ানোর জন্য। এবার জানি না সেন্ট্রাল পয়েন্টে কে আছেন”।





