১২, ১৪ ও ২১, ডিসেম্বরের এই তিনটি তারিখের উল্লেখ করে কোনও ধামাকার ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু তাঁর সেই ‘ডিসেম্বর ধামাকা’ (December Dhamaka) কার্যত ব্যর্থ। এই তিনদিন পেরিয়ে গেলেও সেভাবে উল্লেখযোগ্য কোনও ঘটনা ঘটে নি। এরপর তারিখ রাজনীতি নিয়ে নিজের ভোল কিছুটা বদলেছিলেন শুভেন্দু। এবার তাঁর সেই ডেডলাইন নিয়ে খোঁচা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
মদন মিত্র বলেন, “শুভেন্দু যেই ডেডলাইন দিল, সঙ্গে সঙ্গে কেরলে আমেরিকার নৌবহর, কাতার আমেরিকার নৌবহর, বিভিন্ন দেশের নৌবহর, পুতিন, জেলেনস্কিও থমকে গিয়েছিলেন। শুভেন্দুর ডেডলাইন বলে কথা যে। শুভেন্দু বুঝতে পারেনি, কখন ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন ঘোষণা করে দিয়েছেন। ওর অফলাইন হয়ে যাওয়ার সময় এসেছে। বোধহয় শুভেন্দু জানুয়ারিতেই বদল হয়ে যাচ্ছেন”।
প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরেই বঙ্গ বিজেপির নেতাদের মুখে ডিসেম্বর তত্ত্ব উঠে এসেছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই ডিসেম্বরেই পতন হবে রাজ্য সরকারের। এমনকি, চলতি মাসের শুরুতেই তিনি ডিসেম্বরের তিনটি তারিখ ১৪, ১৬ ও ২১ উল্লেখ করে বলেছিলেন যে এই তিনদিনে কোনও ধামাকা হবে। ডিসেম্বর নিয়ে হুমকি শানাতে শোনা গিয়েছিল বিজেপির অন্যান্য নেতাদের মুখেও। কিন্তু শুভেন্দুর তারিখ রাজনীতি সফল হয়নি।
গতকাল, বুধবার কাঁথি স্টেশন লাগোয়া মাঠে জনসভার মঞ্চে দাঁড়িয়ে ডেডলাইনে ইতি টানলেন খোদ শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, “বিধায়ক বদলে নয়, ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসবে। সরকার গড়বে”।
তবে ‘বড় চোর’ ধরার বিষয়ে অনড় শুভেন্দু। এদিন কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “পঞ্চায়েতে আপনারা ভোট করাতে পারবেন তো? ছোট ছোট চোর ধরতে পারবেন তো? বড় চোর ধরার দায়িত্ব আমার। তারিখ, মাস বদল হবে, কিন্তু সালটা বদল হবে না”। তাহলে কি এই ডিসেম্বরেই ধরা পড়ার কথা বলছেন শুভেন্দু, তা অবশ্য স্পষ্ট করে কিছু বলেন নি তিনি।





