চাকরি দেওয়ার নাম করে একাধিক মানুষের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) বিরুদ্ধে। ওই কাউন্সিলরের বিরুদ্ধে দক্ষিণেশ্বর থানায় (Dakshineswar Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিয়ে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তোপ দেগে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee) রেওয়াত করা হয়নি। দলে এ রকম কাজ একেবারেই মেনে নেওয়া হবে না। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে”।
অভিযোগটি উঠেছে কামারহাটির পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহার বিরুদ্ধে। জানা গিয়েছে, তিনি চাকরি দেওয়ার নাম করে অনেকের থেকেই টাকা নিয়েছেন। কিন্তু কারোর চাকরি হয়নি। দীর্ঘদিন ধরে খোঁজ মিলছে না কাউন্সিলরের। এই নিয়ে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা সম্পর্কে মদন মিত্র বলেন যে এমন ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না।
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে মদন বলেন, “আমাদের কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহাকে পাওয়া যাচ্ছে না। অনেক অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। দক্ষিণেশ্বর থানায় এফআইআরের কপির স্লিপ আমার হাতে এসেছে। দেখা যাচ্ছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপার”।
তিনি আরও বলেন, “আমি মদন মিত্র, বলতে পারব না যে, বিমল টাকা নিয়েছেন। কিন্তু নির্দিষ্ট অভিযোগ রয়েছে। পুলিশ আমাকে এ-ও জানিয়েছে, প্রমাণের ভিত্তিতেই এফআইআর করেছে”।
কামারহাটির বিধায়ক জানান যে তিনি সাংসদ সৌগত রায়কে এই বিষয়টি জানিয়েছেন। জেলা নেতৃত্ব ও পুরসভার তরফে বৈঠক করা হবে বলে জানান তিনি। ইতিমধ্যেই কামারহাটি পুরসভায় অভিযুক্ত কাউন্সিলরকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মদন মিত্র।





