টেট আন্দোলনকারীদের সমর্থনে আজ, শুক্রবার মিছিল বের করে বিজেপি। এদিন হেস্টিংসের বিজেপির কার্যালয় থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে নামেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। গতকাল মাঝরাতে টেট আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ।
পুলিশের সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে গেরুয়া শিবির। কিন্তু ধর্মতলার কাছাকাছি ভিক্টোরিয়া হাউজের কাছে পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়ে ওই মিছিল। রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রারা। পরে পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে যায় বলে খবর।
টেট আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি। আজ, শুক্রবার রাজ্যজুড়ে পথে নেমেছে তারা। বাম ছাত্র-যুব সংগঠন রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দেয়। এদিন করুনাময়ীর কাছে বাম ছাত্র- যুব নেতাদের ধরপাকড় করে পুলিশ। এদিন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে চ্যাংদোলা করে পুলিশের ভ্যানে তোলা হয়। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় সল্টলেক চত্বরে।
এরপর বেলা একটু বাড়তে মিছিল বের করে বিজেপি যুব মোর্চা। ভিক্টোরিয়া হাইজের কাছে তাদের আটকায় পুলিশ। রাস্তায় বসে পড়েই বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি নেতা-কর্মীরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অগ্নিমিত্রা বলেন, “হয় চাকরি দিন নয়ত পদত্যাগ করুন। প্রতিবাদীদের আটকাতে পারবেন না”।
অন্যদিকে আবার টেট আন্দোলনকারীদের উপর পুলিশের জুলুমের প্রতিবাদে মিছিল বের করে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মেয়ো রোডের দিকে মিছিল শুরু হয়। এই মুহূর্তে সেখানেই অনশন করছেন ২০১৪ সালে টেট উত্তীর্ণরা। তারা নিজেদের অবস্থান থেকে একচুলও সরতে রাজি নয়।





