গত বছরের জুলাই মাস থেকে নিয়োগ দুর্নীতি দায়ে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। তাদের সম্পর্ক (relation) নিয়ে প্রথম থেকেই বেশ আগ্রহ দেখিয়েছে রাজ্যবাসী। গত মঙ্গলবার তাদের ভারচুয়ালি আদালতে পেশ করা হলে তাদের ইশারায় প্রেমালাপ নিয়ে এবার শুরু হয়েছে তুমুল চর্চা। তাদের সেই সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।
এদিন তাদের ভারচুয়ালি আদালতে পেশ করা হলে নিজেদের আবেগ সামলে রাখতে পারেন না পার্থ-অর্পিতা দু’জনেই। কখনও পার্থর দাঁড়ির প্রশংসা করেন অর্পিতা, তো কখনও পার্থর ইশারায় লজ্জা পান তিনি। তাদের চোখে চোখে কথা বলা, একে অপরকে ইশারা করা এসব নিয়ে এখন তুমুল চর্চা শুরু হয়েছে।
এই প্রসঙ্গ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “আদালতে যদি পার্থ নির্দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে মালা নিয়ে বরণ করতে যাব আমি। অর্পিতাকে তো আর মালা পরাতে যাব না। ও আমার বিধানসভা কেন্দ্রের মেয়ে। তবে হ্যালো নিশ্চই করব”।
তবে পার্থ-অর্পিতার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে যে আজকাল অল্প বয়সী মহিলারা কেন বয়স্ক পুরুষের প্রেমে পড়ছেন? এই প্রসঙ্গে মদনের জবাব, “অল্প বয়সী মেয়েরা এখন বয়স্কদের সঙ্গে প্রেম করতে ভালোবাসে। কারণ মেয়েরা বুঝতে পেরেছে ভালোবাসার থেকে ভালো থাকাটা অনেক বেশি জরুরি। তুমিই আমার ফুচকা তুমিই আমার আলুকাবলি এসব এখন আর চলে না। বয়স্করা খুব কেয়ারিং হয়। বয়স বাড়লে অন্য কোনও কাজেই মন বসে না। প্রেমই তখন সকলের কাছে অক্সিজেন হয়ে দাঁড়ায়”।
বেশ আবেগপ্রবণ হয়ে কামারহাটির বিধায়ক বলেন, “প্রেম চিরদিনই কাঁদিয়ে গেছে… প্রেম কিছুটা বেনারসীর মতো প্রেমকে স্পর্শ করতে হয়। প্রেমকে সিন্দুকে রেখে মাঝে মধ্যে ঘ্রাণ অনুভব করতে হয়। তাকে নিংড়ে নেওয়া কখনই সম্ভব নয়”।
আদালতে শুনানির সময় পার্থ-অর্পিতার এমন ইশারায় প্রেমালাপ প্রসঙ্গে ‘কালারফুল’ বিধায়কের মত, “কোনও কিছু আইন বিরুদ্ধ বা আদালতের জন্য অবমাননাকর হলে অবশ্যই আমি তা সমর্থন করি না। কিন্তু, যদি তা না হয় সেক্ষেত্রে এই পুরো বিষয়টিই একটি সুস্থ ভদ্রতার লক্ষণ”।
অপা-র সম্পর্ক নিয়ে মদনের বক্তব্য, “পার্থ যথেষ্ট স্নেহ করত অর্পিতাকে। অর্পিতারও পার্থর জন্য সম্মান বলুন, ভালোবাসা বলুন, সম্মান বলুন, একটা বিশেষ অনুভূতি ছিল”।
তবে পার্থ যে কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন, তা এখনও মানতে নারাজ মদন মিত্র। একসময়ের সহকর্মীর সম্পর্কে তিনি বলেন, “ও যে এই ধরনের কোনও কাজ করতে পারে তা বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় ওর উপর প্রেতাত্মা ভর করেছিল বা অশুভ কোনও শক্তি ওকে গ্রাস করেছিল”।





