‘পঞ্চায়েত ভোটে কোনও মারামারি নয়, দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না’, দলীয় কর্মীদের কড়া বার্তা মদনের

সাম্প্রতিককালে নানান দুর্নীতির ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের। সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এই সময় দলের ভাবমূর্তি ঠিক রাখাই তৃণমূলের (TMC) নেতাদের উদ্দেশ্য। আর সেই কারণে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের বারবার সতর্কবার্তা দিতেও শোনা যাচ্ছে শীর্ষ নেতাদের। এবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে একযোগে দলের কর্মীদের কড়া দাওয়াই দিলেন মদন মিত্র (Madan Mitra) ও সৌগত রায় (Saugata Roy)।

গতকাল, রবিবার কামারহাটির নজরুল মঞ্চে ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানেই মদন মিত্র কর্মীদের উদ্দেশে বলেন যে তারা যদি সবকিছু ভুলে এক হয়ে থাকতে পারেন, তাহলে ফের মানুষের মন জয় করতে সক্ষম হবেন। তিনি অনুরোধ করেন যাতে কেউ মারামারি না করেন। কাউকে মেরে পঞ্চায়েত নির্বাচনে জিততে রাজি নন তারা।

এর পাশাপাশি মানুষের কাছে এদিন কামারহাটির বিধায়ক আবেদন জানান যে তাঁর দল যদি কোনও ভুল করে, তাহলে মানুষ যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। মদনের কথায়, তারা কোনও মহাপুরুষ নন, ভুল তাদেরও হয়। সেই ভুল যেন মানুষ দলের কর্মীদের ধরিয়ে দেন। সেই কর্মীর উপর কোনও আক্রমণ হলে তার দায় দলের, এমনও জানান মদন মিত্র।

এদিন সৌগত রায়ও বলেন যে সঠিক মানুষের নির্বাচন প্রয়োজন। প্রধানত যারা আর্থিক কারণে দলে এসেছিল, সেটা এখন বাছাই করতে হবে। তাঁর মতে, দলের ৯৫ শতাংশ মানুষ সততার সঙ্গে কাজ করে। তারা একেবারেই চান না যে কিছু মানুষের অসৎ উদ্দেশের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হোক।

তৃণমূল নেতাদের এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির যুব মোর্চার নেতা জয় সাহা বলেন, “তৃণমূল সরকার চুরি না করলে তাঁদের চলবে কি করে? আর তাঁরা যদি মারামারি না করেন একটি ভোটও তাঁরা পাবেন না। ভোটের পরে যে হিংসার সৃষ্টি হয়, তারপর তাঁরা যে এতো নরম ভাষায় কথা বলছেন, এটা সত্যিই তাঁদের কাছে অনেকটাই সন্তোষের কারণ”।

RELATED Articles