টুকলি করতে দেওয়া হয়নি, ক্ষোভে স্কুলে ব্যাপক ভাঙচুর মাধ্যমিক পরীক্ষার্থীদের, ভাঙা হল বেঞ্চ, ফ্যান

টুকলিতে বাধা দেওয়া হয়েছিল। সেই ক্ষোভে স্কুলের মধ্যে ব্যাপক ভাঙচুর করল মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই ঘটনায় তুমুল শোরগোল পড়েছে এলাকায়। বিদ্যালয় পরিচালন সমিতির তরফে জানানো হয়েছে যে এই বিষয়টি জানানো হবে পর্ষদকে।  

কী ঘটেছিল ঘটনাটি?

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ, সোমবার ছিল পরীক্ষার তৃতীয় দিন। গোটা রাজ্যের সমস্ত স্কুলেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের কড়া নিয়ম মেনে চলতে হচ্ছে সব স্কুলকেই। একই ঘটনা ঘটছে জলপাইগুড়ির পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ে। সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বেলাকোবা হাইস্কুলের পড়ুয়াদের।

কিন্তু এদিন পরীক্ষা শেষ হতেই স্কুলের ভেতরে শুরু হয় অশান্তি। জানা যায়, ক্লাসরুমে ব্যাপক ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা। ক্লাসরুমের বেঞ্চ, সুইচ বোর্ড, ফ্যান ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, পরীক্ষায় টুকলি করতে দেওয়া হয়নি বলে ক্ষোভে এমন কাণ্ড ঘটিয়েছে পরীক্ষার্থীরা। এমন ঘটনায় এলাকায় ছড়ায় চাঞ্চল্য।   

সংশ্লিষ্ট স্কুলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে সাফ জানানো হয়েছে যে এহেন ঘটনা কোনও মতেই মেনে নেওয়া হবে না। মধ্যশিক্ষা পর্ষদে এই নিয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে স্কুল।

উল্লেখ্য, এমন ঘটনা যে এই প্রথমবার ঘটল, তা নয়। অনেক স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানেই এমন ঘটনা আগেও ঘটেছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। এরপরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ওয়াকিবহাল মহলের মতে, কোনও পড়ুয়াদের থেকেই এমন ঘটনা বা এহেন আচরণ একেবারেই কাম্য নয়।

RELATED Articles