লোকসভা ভোটের মুখেই বেশ কয়েকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে সমন পেয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। তবে ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে দর্শীয়ে তিনি হাজিরা দেন নি। এর জেরে অনেকেরই ধারণা, মহুয়ার এই গরহাজিরাকে হাতিয়ার করে হয়ত কোনও কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় এজেন্সি। এই বিষয়ে এবার মুখ খুললেন তৃণমূল প্রার্থী।
কিছুদিন আগেই মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করেছিল ইডি। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার ঘটনায় তাঁকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি হাজিরা দেন নি। দ্বিতীয়বারও তলব করা হলে সেবারও তিনি হাজিরা দেন নি। এরপর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনে মামলা করা হয় মহুয়ার বিরুদ্ধে। এরপরই জল্পনা শুরু হয়েছে তাহলে কী ভোটের আগেই গ্রেফতার হবেন তৃণমূল প্রার্থী।
কী বলছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)?
সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) প্রশ্ন করা হয়, তিনি কী লোকসভা ভোটটা জেলের বাইরে থেকে লড়বেন নাকি জেলের ভেতরে বসে? জবাবে বেশ আত্মবিশ্বাসের সুরে মহুয়া স্পষ্ট বলেন, “জেলের বাইরে লড়লেও জিতব, জেলে ভেতর থেকে লড়লেও জিতব”।
তাহলে কী জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে মহুয়ার (Mahua Moitra)?
তৃণমূল প্রার্থীর মন্তব্য, “জেলে যাব কী না, সেটা তো বিজেপিকে জিজ্ঞাসা করতে হবে। ওরা ইডি-সিবিআইকে দিয়ে ভোট করাচ্ছে। ভোটের আগে সকলের একটা লক্ষ্য থাকে। কিন্তু ওরা চায় যাতে আমি সেই লক্ষ্য থেকে সরে আসি”।
মহুয়ার (Mahua Moitra) কথায়, ”সেই কারণেই এসব সমন পাঠানো হচ্ছে আমাকে ভোটের আগে। কিন্তু তাই আমি এসব নিয়ে বেশি ভাবি না। আমার এখন একমাত্র লক্ষ্য ভোট। আমি ভেবেই নিয়েছি, অন্য কোনওদিকে আমাই কান দেব না। আমি যখন সংসদে দাঁড়িয়ে বলেছি আমি ওদের চিতায় তুলব, তার মানে আমি তুলবই”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মহুয়া মৈত্রের (Mahua Moitra) বাড়িতে তল্লাশিতে এসেছিল সিবিআই। সেই প্রসঙ্গে মহুয়া বলেন, “সিবিআই এল। ওরা খালি হাতে ঘুরে গেল। দেশের মানুষ সবটা দেখছে। ওরা আমায় দেখেই থরথর করে কাঁপে। আমার কোনও গ্রেফতারির কোনও আশঙ্কা নেই”।
বলে রাখি, সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে লোকসভায় গঠিত হয় এথিক্স কমিটি। সেই কমিটির তদন্তের রিপোর্ট দেখে মহুয়ার সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার। তবে মহুয়ার পাশে সবসময় থেকেছে তাঁর দল তৃণমূল। এবারের লোকসভা নির্বাচনে ফের কৃষ্ণনগর থেকে মহুয়াকেই প্রার্থী করেছে তৃণমূল।





