চাঁচলে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে গিয়ে রেশন নিয়ে পরিযায়ীদের সচেতন করলেন খগেন মুর্মূ

রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা রোজই হু হু করে বেড়েই চলেছে। এর মধ্যেই উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মূ কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি সমস্ত পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান রাজ্যের শাসকদলের কাজ ও তাদের ন্যায্য রেশন সম্বন্ধে সচেতন করলেন।

ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরলেই সমস্ত পরিযায়ীদের কোয়ারেন্টিনে থাকার কথা আগেই বলেছেন রাজ্য সরকার। এবার চাঁচলের সামশি কলেজের কোয়ারেন্টিনে থাকা মানুষদের সাথে কথা বলতে গিয়ে খগেনবাবু রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে জানান, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও গুলো সরকার দেখছে, কিন্তু তাও সবাই কানে তুলো দিয়ে জেগে ঘুমোচ্ছে। তাহলে আপনারা জেগে ঘুমিয়ে থাকা লোককে কি করবেন? যখন হিলে বোঝে না তখন কিলে বোঝাতে হবে।’ তিনি সরকারের প্রতিশ্রুতি সম্বন্ধে প্রশ্ন করেন। তিনি বলেন, ‘সরকার তো মানুষের জন্য। তাই সরকার যদি কিছু করে সেটা কোনো পার্টির জন্য নয় মানুষের জন্য করবে। আমি যখন কোনো পার্টির হয়ে নির্বাচনে দাঁড়াবো তখন পার্টির হয়ে বলবো, কিন্তু জেতার পর মানুষের জন্য দায়বব্ধ থাকবো।কিন্তু রাজ্য সরকার এমনটা করছে না।’

করোনার আবহে বহুবারই রাজ্যের বিরোধী পক্ষ রেশনের কারচুপি নিয়ে সরব হয়েছেন। এবার আবারও রেশন ব্যবস্থা নিয়েও রাজ্যকে তোপ খগেন বাবু। তিনি বলেন, ‘রাজ্য সরকার রাজ্যবাসীদের ৫ কেজি চাল দিচ্ছে কেন? মানুষের তো ৭ কেজি চাল, ৩ কেজি গম এবং ১ কেজি ডাল পাওয়ার কথা। ওরা বাকি চাল নিজেরা নিয়ে নিচ্ছে। আমি ডিলারের সাথে কথা বলব। জানাবো কেউ যেন ৭ কেজির কম চাল না পায়।’ তিনি বলেন, ‘মোদী সরকার ৮০ কোটি মানুষের জন্য ৫ কেজি চাল বরাদ্দ করেছেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি ৬মাস এই চাল সবাই বিনামূল্যে পাবে।’

তিনি এদিন রেশন সামগ্রীর হিসেব সবাইকে বুঝিয়ে বলেন, ‘চলতি করোনার জন্য কেন্দ্রের তরফে ৫ কেজি চাল, ১ কেজি ডাল বরাদ্দ করা হয়েছে। এছাড়া এর আগে থেকে ২ কেজি চাল এবং ৩ কেজি গম মানুষের বরাদ্দ ছিলই। কিন্তু এই সমস্ত কিছুই ওরা আত্মসাৎ করছে। আমি এ বিষয়ে ডিলারের সাথে কথা বলব।’

অন্যদিকে কোয়ারেন্টিনে থাকা স্থানীয়রা অভিযোগ জানায় তারা ডাল পাচ্ছে না। ডিলার বলেছে ডাল আসেনি। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘গত এপ্রিল থেকে কেন্দ্র ডাল দিচ্ছে। এই নিয়ে তিন মাস হয়ে গেল। কেন্দ্র পাঠিয়ে দিয়েছে কিন্তু ওরা দেয়নি কেন? ওরা এপ্রিল মাসের চালও দেয়নি। আমরা রেশনের কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করার পর ওরা চাল দিতে শুরু করেছে। আজ আড়াইমাস ধরে আমি শুধু আপনাদের কথাই ভাবছি।’

RELATED Articles

Leave a Comment