আবার পুলওয়ামাতে চলল গুলির লড়াই। এই নিয়ে উপত্যকায় একদিনে দুবার গুলির লড়াই হলো নিরাপত্তাবীহিনীর সঙ্গে জঙ্গিদের। তবে এবার তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা।
ভারতীয়দের মনে এখনও পুলওয়ামার ক্ষত টাটকা। সেই ক্ষত সারতে না সারতেই ফের আবার গুলির লড়াই হল সেই পুলওয়ামাতেই।
ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই সফলতা মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে এই যৌথ বাহিনী হানা দিয়েছিল পুলওয়ামার কঙ্গন মুরান গ্রামে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছে, সেখানেই তিন জঈশ ই মহম্মদ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী।
সূত্রের খবর অনুযায়ী, নিহতদের মধ্যে একজন জঈশ কমান্ডারও রয়েছেন। গতকালও এই পুলওয়ামারই ত্রাল এলাকায় গুলির লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল দুটি একে-৪৭ বন্দুক। সোমবারও নৌশেরার লাইন অব কন্ট্রোলের কাছে অনুপ্রবেশকারী তিন জঙ্গিকে খতম করেছিল সেনা।
করোনা পরিস্থিতিতে দেশ এমনিতেই বিধ্বস্ত তবুও আতঙ্কবাদীরা ভারতের উপর আঘাত হানতে দু’বার ভাবছে না। লকডাউনের শুরু থেকেই বারবার উত্তপ্ত হয়েছে ভূস্বর্গ। যোগ্য জবাব দিয়েছে সেনাবাহিনীও। এই নিয়ে জম্মু ও কাশ্মীরে লকডাউন জারি হওয়ার পর থেকে ৪৬ জন জঙ্গিকে খতম করেছে সেনা। যার মধ্যে হিজবুল কমান্ডার নায়কুও রয়েছে।





