বিহারের গাছে উদ্ধার মালদার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ, দানা বাঁধছে রহস্য

তাঁর নাম আনিসুর রহমান, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরে। নিজের এলাকায় তিনি তৃণমূল নেতা নামেই পরিচিত। সেই নেতারই ঝুলন্ত দেহ উদ্ধার হয় গতকাল শুক্রবার রাতে ডালখোলা স্টেশনের কাছে একটি গাছে। আর এই এলাকাটি পড়ে বিহারের বলরামপুর থানা এলাকার মধ্যে। এই নিয়েই তুঙ্গে রহস্য।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, আনিসুর রহমান ইটভাটা চালাতেন। নানান ঠিকাদারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গত রবিবার ১৮ই জুলাই তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর আর বাড়ি ফেরেন নি ওই ব্যক্তি। এরপর তাঁর পরিবারের লোকজন ভালুকা ফাঁড়িতে অভিযোগ দায়ের করার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানাতেও অভিযোগ দায়ের করেন।

মৃতের পরিবারের সদস্য়দের অভিযোগ জানিয়েছিল যে, ব্যবসা সংক্রান্ত বিবাদ ও আর্থিক সংক্রান্ত ব্যাপারে তাকে কেউ অপহরণ করে থাকতে পারে। অভিযোগ দায়েরের পর নানান জায়গায় খোঁজাখুজি হয়।

এরপর ফোন আসে বলরামপুর থানা থেকে। তাঁর দেহ পাওয়া গিয়েছে। দেহটি উদ্ধার করে বিহার পুলিশ। এরপর তার পরিবারকে গোটা বিষয়টি জানানো হয়।

আজ, শনিবার ভোরে দেহটি বাড়িতে আনা হয়। তবে এই গোটা ঘটনাতেই রহস্য দানা বেঁধেছে। মৃতের পরিবারের দাবী, এর আগেও সুলতানপুর ও কালিয়াচক এলাকায় কিছু ব্যবসায়ী তাঁকে হুমকি দিয়েছিল। এর পরিণতি এই ঘটনা কী না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের। ওই ব্যক্তিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল নাকি তিনি নিজেই আত্মঘাতী হয়েছেন, এ নিয়েও চলছে তদন্ত।

আরও অন্যান্য খবর