লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনা সংঘর্ষে শহিদ হয়েছেন পশ্চিমবাংলার দুই বীর জওয়ান। এবার তাঁদের পরিবারের পাশে দাঁড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুই পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের এক জন সদস্যের চাকরি দেওয়ার কথা একটি টুইট বার্তায় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা প্রত্যাবর্তনের সময় লাদাখ সীমান্তে চৈনিক সেনাদের অতর্কিত হামলার বিরুদ্ধে লড়ে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান।
https://twitter.com/MamataOfficial/status/1273199997589221376?s=20
রাজেশ ওড়াং, বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা, এবং অপর শহিদ আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল রেজিমেন্টের জওয়ান বিপুল রায়। তাঁদের স্যালুট জানিয়ে, পরিবারের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।
সংঘর্ষে ইতিমধ্যেই ২০জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন বলে দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই। তিনজন সংঘর্ষ চলাকালীন অবস্থায় মারা গেছেন এবং ১৭ জন ওই অঞ্চলের ঠান্ডা সহ্য করতে না পেরে আহত অবস্থায় মারা যান।
সোমবার ভোররাতে গালোয়ান উপত্যকায় অতর্কিতে ভারতীয় সেনার উপর আক্রমণ চালায় চীনের সেনা। ভারতীয় সেনার তরফে এ দিন জানানো হয়, পারস্পরিক শান্তি চুক্তি মেনে সেনা সরিয়ে আনা হয়। সেনা সূত্রে খবর, গোলাগুলি নয়, পাথর, রড, তার নিয়ে হামলা চালায় চিনের জওয়ানরা। পাল্টা জবাব দেয় ভারতও। চীনের তরফে দাবি করা হয়েছে, তাদের ৫ জওয়ান নিহত হয়েছে। কিন্তু অন্য সূত্র বলছে নিহত-আহত মিলিয়ে সংখ্যাটা প্রায় ৪০ ছাড়িয়ে গেছে।





