করোনার আবহে গত মার্চ থেকে স্থগিত রয়েছে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আজ অবশিষ্ট পরীক্ষা বাতিলের প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। তার বদলে ইন্টার্ন্যাল অ্যাসেসমেন্ট বা প্রাক বোর্ডের নম্বরের ভিত্তিতেই ফলাফল ঘোষণার কথা ভাবনা চিন্তা করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
বুধবার বিচারপতি এ এন খানউইলকরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ-এ স্থগিত থাকা পরীক্ষার বিষয় নিয়ে মামলার শুনানি হয়। আগামী মঙ্গলবারের মধ্যে CBSE বোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত আদালতকে জানানোর কথা বলা হয়েছে।
করোনা সংক্রমণের মধ্যে কিভাবে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দেবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক পরীক্ষার্থীর অভিভাবক অমিত বথলার পরীক্ষা বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। আজ আবেদনের শুনানিতে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে বলে CBSE বোর্ড তরফে ঘোষণা করা হয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের আবেদন জানিয়ে ছিলেন দ্বাদশ শ্রেণির কয়েক জন পরীক্ষার্থীর বাবা-মা। তাঁরা আবেদনে জানান, করোনা সংক্রমণের সময় পরীক্ষা নিলে পরীক্ষার্থীদের সংক্রমনের র্ঝুঁকি রয়েছে। তাই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে এখনও অবধি আয়োজিত বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং স্কুলে ইন্টারন্যাল অ্যাসেসমেন্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফলাফল নির্ণয় করার নির্দেশ দেওয়া হোক CBSE বোর্ডকে।
অভিভাবকদের বক্তব্য, করোনা সংক্রমণের কুপ্রভাব চলতে ইতিমধ্যেই বিদেশের ২৫০টি স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের ঘোষণা করেছে CBSE, তবে ভারতের ক্ষেত্রে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি? একদিকে বিদেশে CBSE-র আওতায় থাকা স্কুলগুলোতে প্র্যাকটিক্যাল পরীক্ষা অথবা ইন্টার্ন্যাল অ্যাসেসমেন্টের ভিত্তিতেই নম্বর দেওয়া হচ্ছে কিন্তু ভারতে এই প্রক্রিয়া এখনও কার্যকর হয়নি। এরপর আদৌ পরীক্ষা হবে কিনা তা চূড়ান্ত ভাবে জানা যাবে আগামী মঙ্গলবারের পরই।





