গতবার উত্তরবঙ্গে গো হারা হেরেছি, তবুও আমার লজ্জা নেই! এবার পুষিয়ে দেবেন তো? উত্তরবঙ্গে মমতার ডাক

বিজেপির উত্তরকন্যা অভিযানের পর‌ই গত বছর ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে গিয়ে তিনি জলপাইগুড়িতে একটি জনসভাও করেন। সেখান থেকেই বিষাক্ত বিজেপিকে বাংলা থেকে উৎখাতের ডাক দেন। একইসঙ্গে উত্তরবঙ্গের মানুষের কাছে আবেদন করেন তাঁর ওপর ভরসা রাখার জন্য। লোকসভা নির্বাচনের মতো বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গ যে চাপ দিতে চলেছে তা নিয়ে উদ্বেগে রয়েছে তৃণমূল। আর সেটা স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বারবার ধরা পড়েছে। এর আগের উত্তরবঙ্গ সফরে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM কে একযোগে আক্রমণ করে বলেছিলেন, ‘হিন্দু ভোট বিজেপি নেবে, মুসলিম ভোট মিম নেবে! তাহলে আমরা কি কাঁচকলা খাব?’

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে পদ্ম ফুটেছিল। কিচ্ছু হাতে আসেনি ঘাসফুল শিবিরের। ৭ টি লোকসভা আসনের মধ্যে ৭ টি তেই হেরেছিল তৃণমূল। এই হারকে সহজে মেনে নিতে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিমানের সুর ঝরে পড়ে আজও। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্ষোভ নয় বাংলার উত্তর দিকের মানুষের কাছে এবার আর্জি!

গতকাল উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেট নিয়ে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মঞ্চ থেকেই উত্তরবঙ্গের মানুষের কাছে আবেদন করে বলেন, ‘গতবার উত্তরবঙ্গে আমরা গো হারা হেরেছি, তবুও কোনও লজ্জা নেই আমার। কারণ জানেন? কারণ এবার আপনারা আমাদের পুষিয়ে দেবেন। দেবেন তো পুষিয়ে?”

প্রসঙ্গত উল্লেখ্য, ৫৪ টি বিধানসভা আসন রয়েছে কোচবিহার থেকে মালদহ পর্যন্ত। গত লোকসভার নির্বাচনের মতো এবারের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে অভূতপূর্ব ফল করার হিসেব কোষে রেখেছে বিজেপি। দুদিন আগে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন যে, ‘জঙ্গলমহল আর উত্তরবঙ্গে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। দিদিমণি যেই জেলাকে নিজের বলে ভাবছেন, সেখানেও এবার একের পর এক পদ্ম ফুটবে।’

RELATED Articles